চিফ হুইপ ফিরোজকে লাঞ্ছিত করলেন বাহাউদ্দিন নাছিম

সংসদ অধিবেশন চলাকালেই সংসদের লবিতে চিফ হুইপ আ.স.ম ফিরোজকে আওয়ামী লীগেরই সংসদ সদস্য আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ উঠেছে। সংসদ ভবনের ১ নম্বর ব্লকে নাসিমের একটি অফিসে চিফ হুইপ তালা লাগিয়ে দেয়ায় গত সোমবার এই ঘটনা ঘটে। ঘটনার প্রত্যক্ষদর্শী একাধিক এমপি জানান, তারা কয়েকজন লবিতে বসে ফিরোজের সঙ্গে কথা বলছিলেন। এর মধ্যেই বাহাউদ্দিন নাছিম এসে আকস্মিকভাবে সরাসরি আক্রমণ করেন ফিরোজকে। কেউ কিছু বুঝে ওঠার আগেই তিনি চিফ হুইপের গায়ে হাত তোলেন। এসময় তাকে উদ্দেশ করে নাসিম বলতে থাকেন, আপনি নিজে একাই আটটি বাসা ও অফিস দখল করে রেখেছেন। আর আমার একটি মাত্র অফিসে তালা দিয়েছেন, বহিরাগতদের রাখার জন্যই আপনি এই কাজ করেছেন। এই ঘটনায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন উপস্থিত অন্য এমপিরা, পরে তারা নাসিমকে নিবৃত করেন। এই ঘটনার বিষয়ে জানতে চাইলে চিফ হুইপ আ.স.ম ফিরোজ গতরাতে ইত্তেফাককে বলেন, এটা একটা ভুল বুঝাবুঝি। আমাদের নিজেদের মধ্যে ছোট্ট একটি ঘটনা, তেমন কিছু নয়। বিষয়টি পরে মিটমাট হয়ে গেছে। ঘটনার পরপরই আমরা আবার একসঙ্গে কথা বলেছি। আজও (বুধবার) আমরা এক সঙ্গে বসে চা খেয়েছি। তিনি আরও বলেন, আমি এমপি হিসেবে হয়তো তার (নাছিমের) সিনিয়র। কিন্তু উনি আমাদের দলের সাংগঠনিক সম্পাদক। সে হিসেবে আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক। কোনো কারণে হয়তো ওনার মন খারাপ হয়েছে, তাই একটু ভুল বুঝাবুঝি।