আকরামের প্রচারণায় নাগরিক পরিষদ

আগামী ২৬ জুন অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এস এম আকরামের পক্ষে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন নবগঠিত ৩০১ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ নাগরিক পরিষদের নেতাকর্মীরা। শহরের নিতাইগঞ্জ এলাকায় অবস্থিত নগর ভবনের সামনে থেকে গতকাল বুধবার সকালে ‘খুন, গুম, অপহরণ রুখে দাঁড়াও জনগণ’ শীর্ষক স্লোগানে তারা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। পরিষদের আহ্বায়ক আব্দুর রহমান, সদস্য সচিব মাহবুবুর রহমান মাসুম, উপদেষ্টা এবি সিদ্দিক, যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম, নিখিল দাস, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম জহিরের নেতৃত্বে দুই ভাগে বিভক্ত হয়ে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকা হয়ে বঙ্গবন্ধু সড়কের গলাচিপা পর্যন্ত গণসংযোগ চালান। এ সময় তারা খুন, গুম, অপহরণ, ভূমিদস্যুতা, টেন্ডারবাজির বিরুদ্ধে রায় দিতে ভোটারদের আহ্বান জানিয়ে এস এম আকরামের আনারস প্রতীকে ভোট প্রার্থনা করেন। অপরদিকে কৃষক শ্রমিক জনতা লীগের জেলা কমিটির সভাপতি শফিকুল ইসলাম দেলোয়ার দলের প্রতীক গামছা ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মামুন সিরাজুল মজিদ চিংড়ি মাছ প্রতীক নিয়ে শহর ও বন্দরের বিভিন্ন এলাকায় প্রচারণা চালাচ্ছেন।