কুষ্টিয়ার দৌলতপুরে হামলায় আওয়ামী লীগ কর্মী নিহত, আহত ১

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পল্লীতে প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ কর্মী সাইফুল নিহত হয়েছেন। এ সময় অপর একজন আহত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। পুলিশ এ ঘটনায় আমির হামজা নামে একজনকে আটক করেছে। সংগ্রামপুর গ্রামে একটি নসিমন চুরির ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। দৌলতপুর থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার বিকাল ৫ টার দিকে উপজেলার রিফাইতপুর ইউপির সংগ্রামপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে ও আওয়ামী লীগ কর্মী সাইফুল ও তার মামাতো ভাই আকরাম মাঠে জমিজমা দেখে বাড়ি ফিরছিলেন। এ সময় প্রতিপক্ষ নিয়াত আলীর ছেলে নওশের ও তার লোকজন ধারালো হাসুয়া দিয়ে তাদের উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই সাইফুল (৩০) মারা যান। আকরামকে (৩২) এলাকাবাসী উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দৌলতপুর থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, লাশ কুষ্টিয়া মর্গে প্রেরণ করা হয়েছে।