কিশোরগঞ্জে পৃথক সংঘর্ষে নিহত ৩
কিশোরগঞ্জ প্রতিনিধি ও করিমগঞ্জ সংবাদদাতা
প্রকাশ : ১১ জুন ২০১৪, ২৩:০৭
গতকাল কিশোরগঞ্জের মিঠামইন ও করিমগঞ্জ উপজেলায় পৃথক সংঘর্ষে মাদ্রাসা ছাত্রীসহ তিনজন নিহত ও শতাধিক আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের শিহরা গ্রামে সকালে পূর্ব বিরোধ ও সেচ-স্কীমের ভাড়া আদায়কে কেন্দ্র করে হাফিজউদ্দিন গ্রুপ ও আবুল নাসের গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় বল্লমের আঘাতে আবুল নাসের গ্রুপের মর্জিনা (১৪) ঘটনাস্থলেই ও রবিন (১০) হাসপাতালে নেয়ার পথে মারা যায়। মর্জিনা চমকপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্রী। সংঘর্ষে উভয় পক্ষের ৬০/৭০ জন আহত হয়। এদিকে বেলা ১১টার দিকে করিমগঞ্জ উপজেলার বারঘরিয়া গ্রামের মালেক কাজীর গাছ থেকে পাকা কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে হারেছ মেম্বার ও লুত্ফর রহমান গ্রুপের লোকজন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রতিপক্ষের নিক্ষিপ্ত বল্লম বুকে বিদ্ধ হলে হারেছ মেম্বার গ্রুপের জাকারিয়া (২৭) ঘটনাস্থলেই প্রাণ হারান।