হত্যা মামলায় মুফতি ইজাহারের বিরুদ্ধে চার্জশিট দাখিল

চট্টগ্রামে খুলশী থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী ও তার ছেলে হারুন বিন ইজহারসহ পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা খুলশী থানার এসআই মো. শাহআলম চট্টগ্রাম মহানগর আদালতের সাধারণ নিবন্ধন শাখায় অভিযোগপত্রটি জমা দেন। মুফতি ইজহার ও হারুন ইজহার ছাড়া বাকি তিন আসামি হলেন মাদ্রাসার কর্মকর্তা জুনায়েদ, হাবিবুর রহমান ও মোহাম্মদ ইসহাক। মুফতি ইজহার ছাড়া বাকি চার আসামি বর্তমানে কারাগারে আছেন। আট পৃষ্ঠার অভিযোগপত্রে মোট ১৬ জনকে সাক্ষী করা হয়েছে। উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর নগরীর লালখান বাজার এলাকায় মুফতি ইজহার পরিচালিত জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার ছাত্রাবাসে রহস্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত পাঁচজনের মধ্যে তিনজন হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যায়। পরে পুলিশ মাদ্রাসায় তল্লাশি করে চারটি তাজা গ্রেনেডসহ বিপুল পরিমাণ গ্রেনেড তৈরির সরঞ্জাম উদ্ধার করে। রাতে মুফতি ইজহারের বাসভবনে তল্লাশি করে ১৮ বোতল এসিড উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে নগরীর খুলশী থানায় বিস্ফোরক আইনে, এসিড নিয়ন্ত্রণ আইনে এবং খুনের অভিযোগে তিনটি পৃথক মামলা দায়ের করে।