ভেদরগঞ্জ (শরীয়তপুর) সংবাদদাতা
ভেদরগঞ্জ উপজেলায় আতশ নিয়ে খেলার সময় এক শিশুর পেট থেকে নাড়িভুঁড়ি বেরিয়ে গেছে। এ সময় আরেক শিশু আহত হয়েছে।
রবিবার রাত ৯টার দিকে উপজেলার সখিপুরের মল্লিককান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহত মিফরান (১০) ওই গ্রামের মিলন শেখ ও মহিউদ্দিন (১২) একই গ্রামের ওমর আলী সরদারের ছেলে।
সখিপুর থানার ওসি এনামুল হক জানান, মিফরান ও মহিউদ্দিনসহ এলাকার কয়েকজন শিশু মিলে বাড়ির পাশের সড়কে আতশবাজি ফুটিয়ে খেলা করছিল। এ সময় পাশে দাঁড়ানো মিফরানের পেটের মধ্যে তারকাঁটা ঢুকে গেলে তার নাড়িভুঁড়ি বেরিয়ে আসে। শিশু মহিউদ্দিনের পায়ে আঘাত লাগে। শিশু মিফরানকে উদ্ধার করে তার স্বজনরা শরীয়তপুর সদর হাসপাতালে নিলে চিকিত্সকরা প্রাথমিক চিকিত্সা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান।