ফুঁ দিয়ে আগুন জ্বালা

এক গুচ্ছ লাভের আগুন বয়ে ট্রেনটা লোকসুদ্ধ সড়সড় ঢুকে যাচ্ছে রাতের গহ্বরে—দগ্ধ তৃষ্ণার কোনো অন্ধপথ ছুটে। আঁধারের বাঁধ কেটে বিধি ও বিশ্বাস মতো জোনাকি খুলতে লাগে ফাঁদ—আধো আধো অরণ্য কিনারে। আমিরুল, তবে কি স্বপ্নই সারাত্সার বিগত ভ্রমণব্যাপী মহামূল্য পাথর পাহাড় আর পুরাতন হাড়ে হাড়ে! ঈশানের সিক্ত আলোকে তবে কি ভাসবে না বঙ্কিম নদী, ফসলের মাঠ, ঘাসের শরীর দিন কি এগুবে রাত সয়ে সয়ে! হেমন্ত বুনে গেছে শীত-কিছু শীত নিজেই মেনেছি আমিরুল, ফুঁ দিয়ে আগুন জ্বালা—একচাল, ঊর্ধ্বমুখী...