পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় ১৬ জঙ্গি নিহত
প্রকাশ : ১২ জুন ২০১৪, ২০:৫২
পাকিস্তানে আবারো জঙ্গি বিরোধী ড্রোন হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। পাকিস্তান তালেবান গোষ্ঠী করাচি বিমান বন্দরে হামলা চালানোর একদিন পরই দেশটির উত্তর ওয়াজিরিস্তান সীমান্তে দুই দফা ড্রোন হামলা চালায় মার্কিন বাহিনী। এতে অন্তত ১৬ জঙ্গি নিহত হয়েছে। উত্তর ওয়াজিরিস্তানের প্রধান শহর মিরানসার নিকটবর্তী একটি গ্রামে কয়েক ঘন্টার ব্যবধানে ড্রোন হামলা দুটি চালানো হয়। মঙ্গলবার শেষ রাতের ড্রোন হামলায় চার উজবেক জঙ্গি এবং দু’জন পাঞ্জাবী তালেবান নিহত হয়।
বুধবার ভোররাতে অপর এক হামলায় আরো ১০ জঙ্গি নিহত হয়। পাকিস্তানের সীমান্তবর্তী শহর ওয়াজিরিস্তানে জঙ্গি বিরোধী অভিযানে কয়েক হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে। বুধবার ইসলামিক মুভমেন্ট অব উজবেকিস্তানের উজবেক জঙ্গিরা বিমানবন্দরে হামলার কথা স্বীকার করে। অতীতে আল-কায়েদা এবং তালেবান জঙ্গিদের সাথে কাজ করার অভিজ্ঞতা থাকায় উত্তর ওয়াজিরিস্তানভিত্তিক উজবেক জঙ্গিরা বিশেষভাবে প্রশিক্ষিত।