চালক ও হেলপারসহ আটক তিন
স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ার কাহালু উপজেলার তিনদীঘি কাউরা বাজার এলাকায় রবিবার রাতে অটোরাইস মিল থেকে সরকারি খাদ্য গুদামে নেওয়ার পথে ট্রাক থেকে ৯ লাখ টাকার চাল ছিনতাই করা হয়েছে। সোমবার সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী দ্বিতীয় বাইপাস থেকে ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হলেও ছিনিয়ে নেওয়া চাল উদ্ধার করা সম্ভব হয়নি। ওই ঘটনায় জড়িত ট্রাকের দুই চালক এবং হেলপারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এরা হলো জাকির হোসেন, সোহেল ও সোহাগ।
ক্ষতিগ্রস্ত চাল ব্যবসায়ী দুপচাঁচিয়ার বাসিন্দা শাহিনুর রহমান জানান, তার নিজস্ব অটোরাইস মিল রয়েছে। কিন্তু সেটি বন্ধ থাকায় তিনি বগুড়ার নামুজা এলাকার কাজী অ্যান্ড ব্রাদার্স নামে একটি অটোরাইস মিলে ধান দিয়ে ২৫ টন চাল তৈরি করে নেন। ওই চাল দুপচাঁচিয়া উপজেলা খাদ্য গুদামে সরবরাহের জন্য ভাড়া করা একটি ট্রাকে তুলে দেন। পরদিন ভোরে ট্রাকের চালক জাকির হোসেন তাকে ফোন করে জানায়, ট্রাকটি দুপচাঁচিয়া যাওয়ার পথে কাহালুর তিনদীঘি কাউরা বাজার এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছে। পরে বিষয়টি তিনি কাহালু থানা পুলিশকে জানান।
কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, ছিনিয়ে নেওয়া চাল উদ্ধারে চেষ্টা চলছে।