আমি কিভাবে এমপি হলাম তা নিজেই জানি না: এরশাদ
কালীগঞ্জ (লালমনিরহাট) সংবাদদাতা
প্রকাশ : ১২ জুন ২০১৪, ২১:৩৩
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, জনগণ এখন শান্তিতে ঘুমাতে পারে না। কত মানুষ মরলো, কত মানুষ গুম হলো তার কোনো ঠিক নেই। মানুষ এখন ঘরে থাকলে গুম আর বাইরে গেলে খুন হয়। তাই মানুষ আর এই সরকারকে চায় না। মানুষ নতুন সরকার চায়। নতুন দল চায়।
বুধবার সন্ধ্যায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চাপারহাট উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জাতীয় পার্টি আয়োজিত বিএনপির শতাধিক নেতাকর্মীর জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
গত নির্বাচনে অংশ নেয়া সম্পর্কে এরশাদ বলেন, ‘আমি বলেছিলাম সব দল না আসলে নির্বাচনে অংশ নেব না, আমি কথা রেখেছি। তাই আমি বা আমার ভাইসহ ২৬০ জন যারা আসল জাতীয় পার্টি তাঁরা নির্বাচনে অংশ নেইনি। আমার দল নির্বাচনে অংশ নিয়েছিল আমাকে ছাড়া। তাছাড়া এ নির্বাচনের কোনো মূল্য নেই। তিনি বলেন, ‘আমি কিভাবে এমপি হলাম তা নিজেই জানি না। আমি ভোট করি নাই, অথচ লালমনিরহাট-১ আসনে আমাকে প্রার্থী বানিয়ে ৫ হাজার ভোট দিয়ে অপমানিত করা হয়েছে।