কসবায় বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ

বৃহস্পতিবার দুপুরে কসবা সীমান্তবর্তী বায়েক ইউনিয়নের ভারত সীমান্ত ঘেঁষা পুটিয়া গ্রাম থেকে জনু মিয়া (৪৫) নামে এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ সদস্যরা। বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) কুমিল্লা রিজিওনের ১০ ব্যাটালিয়ন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জনু মিয়া পুটিয়া গ্রামের কৃষক চাঁন মিয়ার ছেলে। বিজিবির ১০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সহিদুর রহমান জানান, বিএসএফের সঙ্গে যোগাযোগ করে তারা জানতে পারেন, ভারতীয় নাগরিক ভেবে জনু মিয়াকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। জনু মিয়াকে ছাড়িয়ে আনতে ইতোমধ্যে বিএসএফের কাছে তার জাতীয় পরিচয় পত্রের কপি পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিশ্চিত হয়ে কৃষক জনু মিয়াকে ছেড়ে দেয়া হবে বলে বিএসএফ জানিয়েছেন।