রাষ্ট্রপতির বলিভিয়া যাত্রা
প্রকাশ : ১২ জুন ২০১৪, ২১:৪৯
রাষ্ট্রপতি আব্দুল হামিদ ১০ দিনের সরকারি সফরে বলিভিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে গতকাল ঢাকা ছেড়েছেন। রাষ্ট্রপ্রতি সকাল ১০টা ২০ মিনিটে আমিরাত এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান। অর্থমন্ত্রী এএমএ মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিনবাহিনীর প্রধানগণ এবং উচ্চপর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান। রাষ্ট্রপতি হামিদ আগামী ১৪ থেকে ১৫ জুন পর্যন্ত বলিভিয়ার সান্তাক্রুজ দ্য লা সিয়েরায় অনুষ্ঠেয় “জি-৭৭ ও চীন ‘স্মারক শীর্ষ সম্মেলনে” যোগ দেবেন।
রাষ্ট্রপতি আগামী ১৩ জুন বলিভিয়ার বাণিজ্যিক রাজ্য সান্তাক্রুজে পৌঁছাবেন এবং পরের দিন তিনি জি-৭৭ গ্রুপের দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। আগামী ১৫ জুন রাষ্ট্রপতি হামিদ জি-৭৭ গ্রুপের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরে সম্মেলনে ভাষণ দেবেন।
বলিভিয়া বর্তমানে জি-৭৭ গ্রুপের সভাপতি দেশ এবং এই সংগঠন এ বছর ৫০তম বার্ষিকী পালন করছে। খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন এবং পৃথিবী রক্ষার টেকসই উপায় উদ্ভাবন এ সম্মেলনের এজেন্ডা। শীর্ষ সম্মেলনের পর রাষ্ট্রপতি বলিভিয়া ত্যাগ করবেন এবং আগামী ১৬ জুন নিউইয়র্ক পৌঁছাবেন। যুুক্তরাষ্ট্র সফরকালে রাষ্ট্রপতি হামিদ নিউইয়র্কে জাতিসংঘ সচিবালয় পরিদর্শন করবেন এবং আগামী ১৯ জুন জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে বৈঠক করবেন।