শিশু পর্নোগ্রাফি, গ্রেফতার ৩

আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফির সঙ্গে জড়িত সন্দেহে টিপু কিবরিয়া নামের এক শিশুসাহিত্যিক ও আলোচিত্রীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার রাজধানীর মুগদা ও খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। ইন্টারপোলের তথ্যে এই অভিযান হয়। সিআইডি প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমান সাংবাদিকদের বলেন, ইন্টারপোল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সিআইডি এই অভিযান চালায়। অভিযানে এক ছেলে শিশুকেও উদ্ধার করা হয়েছে। সিআইডির এই কর্মকর্তা বলেন, ইন্টারপোল ২০০৫ সাল থেকে বাংলাদেশের শিশু পর্নোগ্রাফি বিদেশে পাচার হয় বলে অভিযোগ পায়। তারা দীর্ঘদিন ধরে অভিযোগটির বিষয়ে নজরদারি করছিলেন। এক পর্যায়ে তারা টিপুর চেহারা শনাক্ত করেন। মোখলেসুর রহমান বলেন, এ বছর ইন্টারপোল নিশ্চিত হয়, ছবিটি টিপু কিবরিয়ার। মুগদায় তার একটি স্টুডিও আছে। সেখানে ছেলে পথশিশুদের পর্নোগ্রাফি করতেন তিনি। এক সপ্তাহ আগে ইন্টারপোল বিষয়টি সিআইডিকে জানায়। এর ভিত্তিতে সিআইডি প্রথমে খিলগাঁও থেকে টিপু কিবরিয়াকে আটক করে। পরে তাকে নিয়ে তার স্টুডিওতে গিয়ে পুলিশ নূরুল ইসলাম ও শাহারুল নামের দু’জনকে গ্রেফতার করে। সেখান থেকে একটি শিশুকেও উদ্ধার করা হয়। সিআইডি দাবি করেছে, টিপু কিবরিয়া স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে শিশু পর্নোগ্রাফির সঙ্গে যুক্ত। জার্মানি, যুক্তরাজ্য, সৌদি আরব, অষ্ট্রেলিয়ায় এগুলো বিক্রি করা হতো। এক জার্মান ও এক সৌদি নাগরিকের সঙ্গে তার আর্থিক লেনদেনের প্রমাণ পেয়েছে পুলিশ। টিপু কিবরিয়ার মূল নাম ফখরুজ্জামান। তিনি দীর্ঘদিন ঢাকায় একটি প্রকাশনীতে কাজ করতেন। তার হয়ে শাহারুল আর্থিক লেনদেনগুলো দেখতেন। সিআইডির সংঘবদ্ধ অপরাধ নিয়ন্ত্রণ বিভাগের অতিরিক্ত ডিআইজি শাহ আলম জানান, টিপু কিবরিয়ার ৫০টির ওপর বই আছে। তিনি ফ্রিল্যান্স আলোকচিত্রীও।