ফরমালিন নিয়ন্ত্রণে অথরিটি গঠনের নির্দেশনা দাবি

হাইকোর্টে আবেদন ফরমালিন আমদানি ও নিয়ন্ত্রণে আলাদা সনদ প্রদানকারী (লাইসেন্সিং অথরিটি) কর্তৃপক্ষ গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি আবেদন দাখিল করা হয়েছে। আবেদনে ফরমালিনের ব্যবহার নিয়ন্ত্রণে কি পদক্ষেপ নেয়া হয়েছে, সে বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে। লিগ্যাল অ্যাকশন বাংলাদেশ ফাউন্ডেশনের সহকারী পরিচালক ফরিদ আহমেদ এ সম্পূরক আবেদন দাখিল করেন। রবিবার এ আবেদনের ওপর শুনানি হতে পারে। নিরাপদ খাদ্য আইন-২০১৩ কার্যকরের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের ওপর রুল জারি করে হাইকোর্ট। রুলে নিরাপদ খাদ্য আইন কার্যকরে তাত্ক্ষণিক পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চাওয়া হয়। এই রুল বিচারাধীন থাকাবস্থায় ফরমালিন আমদানি ও এর ব্যবহার নিয়ন্ত্রণে পৃথক সনদ প্রদানকারী কর্তৃপক্ষ গঠনের নির্দেশনা চেয়ে একটি আবেদন দাখিল করা হলো। আবেদনে বলা হয়েছে, ফরমালিন নিয়ন্ত্রণে কোনো নীতিমালা নেই। এই নীতিমালার অভাবে যত্রতত্র ফরমালিনের ব্যবহার হচ্ছে। বিশেষ করে খাদ্যদ্রব্যে এর ব্যবহার হচ্ছে সবচেয়ে বেশি। যার ফলে জনস্বাস্থ্য আজ হুমকির মুখে।