চিতলমারীতে সংঘর্ষে আহত ২০ তিনটি বসতবাড়ি ভাংচুর

বাগেরহাটের চিতলমারীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সন্ধ্যায় দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ উভয়পক্ষের ২০ জন আহত হয়েছেন। এ সময় ৩টি বসতবাড়ি ভাংচুর করেছে। আহতদের চিতলমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে থানায় উভয়পক্ষ লিখিত অভিযোগ করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৭টায় উপজেলার বড়বাড়িয়া শিকদারপাড়া গ্রামে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আলী আহম্মেদ শিকদার ও চাঁন মিয়া শিকদার গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। প্রায় দুই ঘন্টাব্যাপী এ সংঘর্ষে আলী আহম্মেদসহ তার গ্রুপের জাহাঙ্গির, আলমগীর, বাকা মিয়া, ঝন্টু, লিয়াকত, বাশার, সালিম, আজগর, লিন্টু শিকদার, নিরু বেগম, জসিম ও বেদার এবং চান মিয়া শিকদার গ্রুপের ঠাণ্ডা, রমিম শিকদার, রাজিব, সোহাগ উকিল, আছাদ ও দাউদ আহত হন। চিতলমারী থানার ওসি দিলীপ কুমার সরকার জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।