মরিচ্চাপ নদীর উপর নির্মিত ব্রিজের বেহাল দশা
জি,এম মনিরুল ইসলাম মিনি,সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০১৪, ২২:৩৭
সাতক্ষীরা আশাশুনি উপজেলার মরিচ্চাপ নদীর উপর নির্মিত ব্রিজটির বেহাল দশা, এ যেন এক মরণ ফাঁদে পরিণত হয়েছে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা দেখা দিয়েছে। কর্তৃপক্ষের উদসীনতায় এ যেন অভিভাবকহীন একটি সম্পদ, যার দেখভাল করার কেউ নেই। ঝালাই আর জোড়াতালি দিয়ে ব্রিজটি বর্তমানে চলার শক্তিও হারিয়ে ফেলেছে। যাত্রীবাহী বাস তো দূরের কথা তিন চাকার যানবাহনও চলাচল বন্ধ হয়ে গেছে। আশাশুনি-চাপড়ার উপর দিয়ে বয়ে যাওয়া মরিচ্চাপ নদীর উপর নির্মিত সেতুটি ৫টি অংশে বিভক্ত করা। এর মধ্যে ৩টি অংশ জাপানের ও ২টি অংশ চায়না কোম্পানির তৈরি সরঞ্জাম দিয়ে নির্মিত। চাপড়া পারের জাপানের তৈরি অংশের একটি অংশ একেবারেই নষ্ট হয়ে গেছে বাকি দুটি দুমড়ে-মুচড়ে, ছিঁড়ে-ছুটে গেছে এবং আশাশুনি পারের চায়নার তৈরি ২টি অংশই মূল পাটাতন (প্লেট) নষ্ট হয়ে যাওয়ায় পুরোটাই লোহার রড, পাতি ও পরিত্যক্ত প্লেট দিয়ে ঝালাই আর জোড়াতালি মেরে চলছে কোন রকমে।
সন্ধ্যার পরে বৈদ্যুতিক কোন লাইটের ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাটা অত্যন্ত বিপজ্জনক। প্রায় সময় দেখা যায় রাতের বেলা পথচারীর ভেঙ্গে গর্ত হয়ে যাওয়া প্লেটের ভেতরে পা ঢুকে রক্তাক্ত জখম হয়। এমনকি ১০/১২টি সেলাইও দিতে হয়েছে অনেক আহত পথচারীর। ব্রিজের উপর দিয়ে সাতক্ষীরা টু ঘোনা ভায়া চাপড়ার যাত্রীবাহী বাস গত বুধবার থেকে চলাচল বন্ধ হয়ে গেছে।