সংবাদ সংক্ষেপ
প্রকাশ : ১২ জুন ২০১৪, ২২:৩৯
নওগাঁয় বিশ্ব শিশু দিবস পালন
নওগাঁ প্রতিনিধি \ “সামাজিক সুরক্ষা বৃদ্ধি কর, শিশু শ্রমের বিরোধিতা কর” এই শ্লোগান বাস্তবায়নের দাবিতে র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে নওগাঁয় বিশ্ব শিশু দিবস পালিত হয়েছে গতকাল বৃহস্পতিবার। শহরের শিয়ালপাড়া সিআইপি প্রি স্কুল থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাঁঠালতলী সিআইপি চকরামচন্দ্র মিশনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সিআইপির ম্যানেজার সন্ধ্যা মন্ডল, শিক্ষক কমলা বিশ্বাস ও রেবেকা বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।
বড়াইগ্রামের মাঝগাঁও ইউপির বাজেট পেশ
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ি ইউনিয়ন পরিষদের ২০১৪-১৫ অর্থ বছরের উদ্বৃত্ত বাজেট পেশ করা হয়েছে। পরিষদের সচিব মো. বাবর আলী এ বাজেট পেশ করেন। গতকাল বৃহস্পতিবার পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে চেয়ারম্যান খোকন মোল্লার সভাপতিত্বে বনপাড়া পৌর মেয়র প্রভাষক কেএম জাকির হোসেন ও অধ্যক্ষ আব্দুর রাজ্জাক বক্তব্য রাখেন। বাজেটে মোট ১ কোটি ৩৯ লাখ ৪৯ হাজার ৯শ ৮৫ টাকা আয়, ১ কোটি ৩৮ লাখ ৬৩ হাজার ৯০১ টাকা ব্যয় এবং ৮৬ হাজার ৮৩ টাকা উদ্বৃত্ত ধরা হয়েছে।
খালিয়াজুরীতে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন
খালিয়াজুরী (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনার হাওর উপজেলা খালিয়াজুরীতে সরকারি ভাবে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতি বার উপজেলার খাদ্য গুদামে এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুজ্জামান তালুকদার সুয়েব। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুল হাসান লিটন, উপজেলা খাদ্য কর্মকর্তা মো. আজিজুল হক প্রমুখ। এখানে সরকারি ভাবে মণ প্রতি ৮শ টাকা দরে ৬২৫ মে. টন ধান সংগ্রহ অভিযান চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।
গাজীপুরে পাঁচদিনব্যাপি প্রতিবন্ধিতা বিষয়ক সেমিনার
গাজীপুর প্রতিনিধি \ প্রতিবন্ধিতা বিষয়ক ৫ দিন ব্যাপি এক অবহিতকরণ সভা সমাপনী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, গণউন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আজাহার আলী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো.মহসীন,সহকারি কমিশনার বিজেন ব্যানার্জি, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মুজিবুর রহমান, অধ্যাপক মুকুল কুমার মল্লিক, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহান, আব্দুল মোতালেব প্রমুখ।
কমলগঞ্জের পতনঊষার ইউপির বাজেট ঘোষণা
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা \ কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের ২০১৪-১৫ সনের বার্ষিক বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী। পরে পতনঊষার ইউপি চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও ইউপি সদস্য নারায়ণ মল্লিকের পরিচালনায় বাজেট অনুষ্ঠানে অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি আব্দুল হান্নান চিনু, পতনঊষার উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি তওফিক আহমদ, শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অলি আহমদ খান প্রমুখ।
চরফ্যাশনে জাটকা সংরক্ষণ বিষয়ক সভা
চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা \ জাটকা সংরক্ষণে সচেতনা সভা গতকাল বৃহস্পতিবার সকালে চরফ্যাশন উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম প্রধান অতিথি ছিলেন। উপজেলা মত্স্য অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র মত্স্যজীবী জেলে সমিতির সিনিয়র সহ-সভাপতি আবুল হাসান’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন ক্ষুদ্র মত্স্যজীবি জেলে সমিতির কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ভোলা জেলা ক্ষুদ্র মত্স্যজীবী জেলে সমিতির সভাপতি মো. নুরুল ইসলাম, চরফ্যাশন উপজেলা ক্ষুদ্র মত্স্যজীবী জেলে সমিতির সভাপতি মো.নান্নু মিয়া ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।
বাঞ্ছারামপুরে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার এলজিএসপি-২ এর আওতায় ইউনিয়নের ওয়ার্ড কমিটি ও স্কীম পারভিশন কমিটির দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক কোর্স পরিচালক এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মহিদুল ইসলাম কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রশিক্ষণে মোট ১২৬ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
নেত্রকোনায় শিশুদের যক্ষ্মারোগ প্রতিরোধে কর্মশালা
নেত্রকোনা প্রতিনিধি \ শিশুদের যক্ষ্মারোগ প্রতিরোধবিষয়ক দিনব্যাপী শিশুরোগ চিকিত্সকদের এক কর্মশালা গতকাল বৃহস্পতিবার নেত্রকোনা ইপিআই ভবনে ডেপুটি সিভিল সার্জন ডা. বিজন কান্তি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এনটিপি এবং বিপিএ-টিবি কেয়ার-২ প্রকল্পের আওতায় এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. সাহিদউদ্দিন আহমেদ স্বপন। বক্তব্য রাখেন বিশেষ অতিথি জেলা প্রশিক্ষণ সমন্বয়কারী (বিপিএ-টিবি কেয়ার-২ প্রকল্প) মো.খালেদুর রশিদ। কর্মশালায় জেলা ও উপজেলার ৩২ জন চিকিত্সক কর্মকর্তা অংশগ্রহণ করেন।
স্বরূপকাঠিতে অবৈধ কারেন্ট জাল উদ্ধার
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা \ স্বরূপকাঠি উপজেলার সন্ধ্যানদীতে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে উপজেলা মত্স্য বিভাগ। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা মত্স্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুল গাফফার ও থানা পুলিশের এসআই মো. আব্দুস সোবাহানের নেতৃত্বে একদল পুলিশ সন্ধ্যানদীতে অভিযান চালিয়ে ছোট-বড় সাইজের ৬ পিস অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা বলে জানা গেছে। পরে জালসমূহ পুড়ে ফেলা হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় মহিলাদের সেলাই প্রশিক্ষণ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি\ গ্রামীণ দুঃস্থ ও দরিদ্র মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে উপজেলা গভর্নেস প্রকল্পের আওতায় গতকাল বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেবে ২ সপ্তাহব্যাপী সেলাই প্রশিক্ষণ কোর্স সমাপ্ত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাসলিমা সুলতানা নিশাত। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কে এম বদরুল হক। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণের অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়।
রামগঞ্জে পরীক্ষা হল থেকে শতাধিক মোবাইল ফোন উদ্ধার
রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ রামগঞ্জ রাব্বানিয়া কামিল মাদ্রাসার পরীক্ষার হল থেকে গতকাল বৃহস্পতিবার (ফাজিল পরীক্ষায়) ইসলামের ইতিহাস, ইসলামিক স্টাডিজ ও বাংলা বিষয়ে পরীক্ষা চলাকালীন সময়ে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহাবুবুল আলম পরীক্ষা হলে নকলে সহযোগিতা করার অপরাধে ফতেহপুর মাদ্রাসার শিক্ষক দেলোয়ার হোসেন ও গাইড বই খুলে নকল করার অপরাধে কচুয়া আহম্মদিয়া মাদ্রাসার শিক্ষার্থী ফরহাদুল ইসলামকে বহিষ্কার করেন। এসময় পরীক্ষা হলে তল্লাশী অভিযান চালিয়ে শতাধিক মোবাইল উদ্ধার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় খামার ব্যবস্থাপনা প্রকল্পের মাঠ দিবস
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ উন্নতমানের খামার ব্যবস্থাপনার মাধ্যমে পানি সাশ্রয় প্রকল্পের আওতায় গতকাল বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেবে এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাসলিমা সুলতানা নিশাত। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কে এম বদরুল হক। মাঠ দিবসে পানি সাশ্রয়ের মাধ্যমে চাষাবাদের উপর গুরুত্বারোপ করা হয়।
রাজাপুরে কৃষকদের মাঝে ট্রাক্টর বিতরণ
রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা \ ঝালকাঠির রাজাপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে ট্রাক্টর বিতরণ করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান মনিরউজ্জামান মনির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ ট্রাক্টর বিতরণ করেন। উপজেলা কৃষি কর্মকর্তা তাওফিকুল আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা আক্তার। বিশ্ব ব্যাংকের অর্থায়নে আইএপিপির সহযোগিতায় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে রাজাপুর উপজেলার ৪টি ইউনিয়নে কৃষকদের মাঝে এ ট্রাক্টর বিতরণ করা হয়।
মেহেরপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
মেহেরপুর প্রতিনিধি\ মেহেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে নবীন শিক্ষার্থীদের রবণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার মেহেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল্ল¬াহ আল আমিনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন প্রভাষক মিল্টন আলী বিশ্বাস, বশির আহমেদ, কলেজ ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কুদরুত-ই খোদা রুবেল প্রমুখ।