অস্ট্রেলিয়ার মোকাবিলায় ভিদালকে নিয়ে দুশ্চিন্তায় চিলি

সম্ভাব্য ফর্মেশন ও একাদশ চিলি: ৩-৪-৩; ব্রাভো, জারা, মেডেল, গঞ্জালেস, ইসলা, ভিদাল, দিয়াজ, বুসেজুর, সানচেজ, ভার্গাস ও পেরেদেজ/ভিদাল (ইনজুরিতে থাকায় নাও খেলতে পারেন) অস্ট্রেলিয়া: ৪-৩-৩; রায়ান, ফ্রানজিক, স্পিরানোভিচ, ম্যাক গোয়ান. ডেভিডসন, মিলিগান, জেদিনাক, ব্রেসিয়ানো, হ্যালোরান, ক্যাহিল ও আর। স্পেন ও নেদারল্যান্ডসের গ্রুপ থেকে এবারের বিশ্বকাপে নক-আউট পর্বের স্বপ্ন দেখা চিলি-অস্ট্রেলিয়ার জন্য বাতুলতা হতে পারে। তবে গ্রুপের হেভিওয়েট দল দুইটি কোনো অঘটনের শিকার হলে সৌভাগ্যক্রমে শেষ ষোলর স্বপ্ন দেখতে পারে চিলি বা অস্ট্রেলিয়া। এ ক্ষেত্রে চিলিই এগিয়ে থাকবে। তবে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সামান্যতম এই সম্ভাবনা বাঁচিয়ে রাখতে আগামিকাল শনিবার শেষ রাত ৪টায় অনুষ্ঠেয় গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই চিলি-অস্ট্রেলিয়ার। নিজ মহাদেশের কুয়েবার অ্যারেনা পেন্টেনালে স্টেডিয়ামে খেলা হচ্ছে বলে এই দ্বৈরথে চিলিই কাগজে কলমে এগিয়ে। যদিও কোচ জর্জ স্যাম্পোলি দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় আরটুরো ভিদালকে খেলাতে পারবেন কি-না এ নিয়ে শঙ্কা রয়েছে। গত সপ্তায় উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রীতিম্যাচ খেলতে নেমে হাঁটুতে চোট পান জুভেন্টাস মিডফিল্ডারটি। এরপরও অ্যালেক্সিস সানজেচের মতো উইঙ্গার থাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় প্রত্যাশা করতে পারে চিলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে কোচ স্যাম্পোলি তার চেনা ও কার্যকরী কৌশল ৩-৪-৩ ফর্মেশনেই দল নামাবেন। রক্ষণভাগে তার অন্যতম শক্তি কার্ডিফ সিটির ডিফেন্ডার গ্যারি মেডেল। রক্ষণের উপরই বেশি জোর দিচ্ছেন তিনি। এদিকে এবারের বিশ্বকাপে যোগ্যতা অর্জন করা দলগুলোর মধ্যে অস্ট্রেলিয়ার র্যাঙ্কিংই একেবারে নীচে (৪২)। তবে সকারুজদের কোচ অ্যানজে পোস্টেকলুর ওপর অনেক দায়িত্ব থাকছে। কেননা নিয়মিত কোচ জার্মান হোলগার অসিয়েক ব্রাজিল বিশ্বকাপের টিকিট এনে দিয়েও গত অক্টোবরে প্রীতি ম্যাচে ব্রাজিল এবং ফ্রান্সের কাছে ৬-০ গোলের দুইটি হারের জের ধরে অস্ট্রেলিয়া দলের দায়িত্ব হারান। তারপরই দায়িত্ব পান পোস্তেকগলু।