অদম্য ক্যামেরুনের সামনে মেক্সিকো
প্রকাশ : ১২ জুন ২০১৪, ২২:৪৩
শুক্রবার এ’ গ্রুপ থেকে মুখোমুখি হবে উজ্জীবিত মেক্সিকো ও আফ্রিকান পরাশক্তি ক্যামেরুন। সর্বশেষ ৩০ বছর আগে প্রথম কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণকারী মেক্সিকো এবার অনেক আশা ভরসা নিয়েই ব্রাজিল বিশ্বকাপে এসেছে। বাংলাদেশ সময় রাত দশটায় অনুষ্ঠিত হবে নাতালের ম্যাচটি।
বর্তমানে মেক্সিকোর কোচের দায়িত্ব পালন করছেন সাবেক কৃতী ফুটবলার মিগুয়েল হেরেরা। যদিও মাঠের বাইরে খানিকটা বিতর্কিতই ছিলেন হেরেরা। যিনি ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছিলেন এক ফটোগ্রাফারকে ঘুষি মারার দায়ে।
সর্বশেষ ১৯৮৬ সালে নিজেদের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে গিয়েছিল মেক্সিকো। তত্কালীন পশ্চিম জার্মানীর কাছে টাইব্রেকারে ৪-১ গোলে পরাজিত হয়ে বিদায় নেয় তারা।
অনেকটা ভাগ্যের সহায়তা নিয়ে এবার ব্রাজিল বিশ্বকাপের মূল পর্বের টিকিট লাভ করেছে মেক্সিকো। সমালোচকেরা অন্তত তাই মনে করেন। বাছাইপর্বে ব্যর্থ হবার পর নিউজিল্যান্ডের বিপক্ষে দুই লেগের প্লে¬ অফে ৯-৩ গোলে এগিয়ে চূড়ান্ত পর্বের টিকিট লাভ করে মেক্সিকো।
এদিকে ২০১০ সালে কোন পয়েন্ট না নিয়ে ঘরে ফেরা ক্যামেরুন দলটি বিশ্বকাপ শুরুর আগেই জড়িয়েছে বিতর্কে। বাড়তি পারিশ্রমিকের দাবিতে ভলকার ফিনেকের দলটি ব্রাজিল সফর ত্যাগ করার হুমকি দিয়েছিল। শেষ পর্যন্ত কর্তৃপক্ষের সঙ্গে একটি চুক্তিতে উপনীত হয় তারা। তবে ব্রাজিল ও ক্রেয়েশিয়ার মত দল অন্তর্ভুক্ত থাকা গ্রুপ থেকে আফ্রিকান অদম্য সিংহরা কতটুকু সুবিধা আদায় করবে সেটিই দেখার বিষয়।
যদিও আলেক্সন্দ্রে সং ও এনো ইয়ং এর মত মেধাবী ফুটবলারের সঙ্গে দলে থাকছেন চারবার আফ্রিকান বর্ষসেরা ফুটবলারের খেতাব পাওয়া চেলসি স্ট্রাইকার স্যামুয়েল ইতো। ব্রাজিল অধিনায়ক থিয়াগো সিলভা ইতো সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন,‘ তিনি একজন অভিজ্ঞ খেলোয়াড়। তার সঙ্গে মানিয়ে নেয়াও সহজ।’
প্যারিস সেন্ট জামেইনের এই তারকা বলেন,‘ চ্যাম্পিয়ন্স লীগ চলাকালে তিনি শতভাগ সুস্থ ছিলেন না। তারপরও তিনি খেলেছেন দক্ষতার সঙ্গে। তার মধ্যে দারুণ কৌশলগত সক্ষমতা রয়েছে। তিনি এমন এক স্ট্রাইকার যাকে নিয়ে তটস্থ না থেকে উপায় নেই। তাকে নিয়ে আমি নিজেও কিছুটা শংকার মধ্যে আছি।’-বাসস