যুদ্ধাপরাধ বিচার বিলম্ব নিয়ে ১৪ দলের সভায় প্রশ্ন

ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের বৈঠকে যুদ্ধাপরাধীদের বিচার বিলম্ব নিয়ে প্রশ্ন উঠেছে। জানা গেছে, বৈঠকে ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক বলেন, অনেক যুদ্ধাপরাধীর বিচার শেষ হয়েছে, অনেকের অপেক্ষমাণ আছে, কিন্তু এগুলো কার্যকর হচ্ছে না কেন? তবে তার এই প্রশ্নের জবাবে আওয়ামী লীগের কোনো নেতাই কোন কথা বলেননি। গতকাল বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, দেশ কিংবা সরকারে কোন ধরনের সংকট নেই; বরং বিএনপি নিজেই এখন মহাসংকটে রয়েছে। সংলাপ না হলে কঠোর আন্দোলন করা হবে বলে বিএনপি নেতারা সম্প তি যে হুমকি দিয়েছেন তার জবাবে তিনি বলেন, এসব বিএনপির ফাঁকা আওয়াজ। বিএনপির সঙ্গে এখন আলোচনার কোন সুযোগ নেই। নাসিম জানান, বিএনপি-জামায়াতের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামী ২১ জুন নওগাঁয় ১৪ দলের সমাবেশ অনুষ্ঠিত হবে। লন্ডনে বসবাসরত বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যের বিষয়টি সাংবাদিকরা তুলে ধরলে মোহাম্মদ নাসিম বলেন, এই অর্বাচিনের কথার জবাব দেয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। জাতীয় সংসদের উত্থাপিত বাজেটকে ইতিবাচক হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, বাজেটের বিভিন্ন দিক সম্পর্কে মতামত জানাতে ১৮ জুন বিকাল ৪টায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ১৪ দলের নেতারা। প্রধানমন্ত্রীর জাপান ও চীন সফরকে ১৪ দল স্বাগত জানিয়েছে উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, সরকার অবৈধ নয় বলেই দেশ দুটি নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় সফরে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করেছে, উষ্ণ সংবর্ধনা দিয়েছে। বৈঠকে সম্প্রতি প্রধানমন্ত্রীর চীন ও জাপান সফরকে তাত্পর্যপূর্ণ বলে অভিহিত করা হয়। তবে ভবিষ্যত্ ভারত নীতি নিয়ে অনেকে শঙ্কা প্রকাশ করেন। এদিকে বৈঠকে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট নিয়ে প্রশ্ন তুলে ১৪ দলের শরিক নেতারা বলেন, এই বাজেটে কৃষি খাত ও শ্রমিক সুরক্ষার সুনির্দিষ্ট দিক-নির্দেশনা নেই। এই উচ্চাভিলাষী বাজেট সম্পন্ন করা সরকারের জন্য কঠিন হবে বলেও তারা অভিমত ব্যক্ত করেন। সূত্র জানায়, বৈঠকে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি চাকরি ও সার্টিফিকেট পরীক্ষায় ধারাবাহিক প্রশ্ন ফাঁসে ক্ষোভ প্রকাশ করেন। সীমান্তে মিয়ানমারের সৈন্য সমাবেশ ও বিজিপি’র গুলির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন কয়েকজন নেতা। এছাড়া বিএনপিতে যেভাবে ১৯ দলের শরিকদের মতামতকে গুরুত্ব দেয়া হয়, ১৪ দলে সেভাবে গুরুত্ব দেয়া হয় না বলেও শরিক দলের এক নেতা অভিযোগ করেন। সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে বৈঠকে আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য মো. আবু সাইদ খান, দপ্তর সম্পাদক এম সালাহউদ্দিন আহমেদ, জাসদের নাজমুল হক প্রধান, গণতন্ত্রী পার্টির ডা. শহিদুল্লাহ শিকদার, তরিকত ফেডারেশনের এম এ আউয়াল, বাসদের রেজাউর রশিদ খান, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক প্রমুখ। কুর্মিটোলা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সেবা জোরদার করতে সেটিকে পাশের আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের সঙ্গে সম্পৃক্ত করার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার হাসপাতালটি পরিদর্শন করে সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দিয়ে বলেন, এই বিষয়ে গঠিত কমিটিকে ১৫ দিনের মধ্যে সুপারিশ জমা দিতে হবে। এর আগে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বিভাগ পরিদর্শন করেন। এ সময় তিনি চিকিত্সাধীন রোগীদের সাথে কথা বলেন এবং চিকিত্সা সেবার মান সম্পর্কে খোঁজ-খবর নেন।