বাংলাদেশের সহযোগিতা ছাড়া দিল্লীর প্রাচ্য নীতি অর্থহীন
প্রকাশ : ১২ জুন ২০১৪, ২৩:০৪
ভারতের জাতীয় নিরাপত্তাবিষয়ক পরামর্শক পরিষদের সদস্য আন্তর্জাতিক বিশ্লে¬ষক ড. সি রাজা মোহন বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে দুই দেশের মধ্যে সুসম্পর্ক থাকলেও প্রকৃতপক্ষে স্বতন্ত্র কোনো দ্বিপাক্ষিক সহযোগিতার সম্পর্ক নেই। অথচ বাংলাদেশের সহযোগিতা ছাড়া ভারতের পূর্বমুখী নীতির বাস্তবায়ন সম্ভব নয়। দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করতে হবে।
গতকাল বৃহস্পতিবার ঢাকায় ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত অতিথি বক্তৃতা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ‘ভারত-বাংলাদেশ:বঙ্গোপসাগর সম্প্রদায় নির্মাণ’ শীর্ষক বক্তৃতায় তিনি বলেন, বঙ্গোপসাগর নিয়ে সহযোগিতার নতুন ক্ষেত্রে খুঁজে বের করতে হবে। এক্ষেত্রে সমুদ্রসীমায় খনিজ সম্পদ আহরণ ও নিরাপত্তার জন্য বাংলাদেশ, ভারত ও মিয়ানমার এক ত্রিপক্ষীয় গ্রুপ হিসেবে কাজ করতে পারে। তিন দেশ মিলে মেরিন একাডেমি প্রতিষ্ঠাসহ নানা পদক্ষেপ গ্রহণ করতে পারে।
বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউটের (বিইআই) ভাইস প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তিনি বলেন, ঐতিহাসিক, অর্থনৈতিক ও কৌশলগত কারণে বঙ্গোপসাগর বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠছে। বিশ্বের পরাশক্তিগুলো তাদের পণ্য পরিবহনের বিকল্প পথ হিসেবে বঙ্গোপসাগরকে নিশ্চিত করতে চাইছে। বঙ্গোপসাগরের যে সম্ভাবনা রয়েছে তা কাজে লাগাতে ভারত, বাংলাদেশ ও মিয়ানমার একসঙ্গে কাজ করতে পারে। এমনকি এ ক্ষেত্রে ওই তিন দেশের সেনা ও নৌবাহিনীগুলোও যৌথভাবে কাজ করতে পারে।
ড. সি রাজা মোহন বলেন, ভারত এখন বঙ্গোপসাগরকে যতটা গুরুত্ব দিচ্ছে অতীতে তা কখনো দেয়নি। আঞ্চলিক যোগাযোগ, ভারতের পূর্বমুখী নীতি এগুলোর সফল বাস্তবায়নে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আছে। তবে আরো সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, বাংলাদেশ ক্রমশ এই অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশ হয়ে উঠছে। বাংলাদেশের সঙ্গে একত্রে অনেক ক্ষেত্রে কাজ করার সুযোগ আছে ভারতের। বিশেষ করে মিয়ানমার, চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রে সেতুবন্ধ হতে পারে বাংলাদেশ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহেদুল আনাম খান। তিনি বলেন, নিরাপত্তা খাতে সহযোগিতা ক্ষেত্রে আমরা বড় শক্তিগুলোর ফাঁদে পড়ি কিনা তাও বিবেচনা করতে হবে। ভারতের সঙ্গে সহযোগিতার কোনো বিষয় এলেই প্রশ্ন ওঠে, ভারত আসলে কি চাচ্ছে? সহযোগিতার সম্পর্কের জন্য দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি। এর আগে গত বুধবার এক অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশসহ সব প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক অব্যাহত রাখা ভারতের জন্য অপরিহার্য। অভ্যন্তরীণ রাজনীতিতে কোনো পক্ষ না নিয়ে ভারতকে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক জোরদার করতে হবে।