ভীতি সৃষ্টির জন্যই সরকার জুলুম নির্যাতন চালাচ্ছে

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের জুলুম-নির্যাতন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। জনমনে ভীতি সৃষ্টির জন্যই তারা এসব করছে। কিন্তু এসব করে শেষ রক্ষা হবে না। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। ময়মনসিংহের গফরগাঁও উপজেলা যুবদল নেতা মো. শাকিলকে নৃশংসভাবে হত্যা ও কবিরকে গুরুতর আহত করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে এই বিবৃতি দেন মির্জা ফখরুল। বিবৃতিতে ফখরুল বলেন, সরকার দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্য মরিয়া হয়ে উঠেছে। সন্ত্রাসীদের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়েও বিরোধী দলের নেতাকর্মীদেরকে হত্যার মাধ্যমে দেশে অরাজক ও ভীতিকর অবস্থার সৃষ্টি করা হচ্ছে। জিআরপি পুলিশ দিয়ে গ্রেফতারের পর শাকিলকে যুবলীগ-ছাত্রলীগের হাতে তুলে দিয়ে পৈশাচিকভাবে হত্যা এবং কবিরকে গুরুতর আহত করা হয়েছে বলে দাবি করেন ফখরুল। দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শামীম চৌধুরীকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।