অবৈধভাবে রানা প্লাজা নির্মাণে ১৭ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশ : ১২ জুন ২০১৪, ২৩:০৫
নকশা বহির্ভূত এবং অবৈধভাবে সাভারের রানা প্লাজা ভবন নির্মাণ করায় রানা প্লাজার মালিক সোহেল রানার বাবা-মাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বহুল আলোচিত এ জালিয়াতির ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিকালে মামলার অনুমোদন দেয় দুদক। তবে এ মামলায় রানা প্লাজার রানাকে আসামি করা হচ্ছে না। দুদকের দাবি, কাগজপত্রে রানা প্লাজা ভবনের মালিক সোহেল রানার বাবা-মা হওয়ায় তাকে অব্যাহতি দেয়া হয়েছে।
যাদের বিরুদ্ধে মামলার অনুমোদন দেয়া হয়েছে তারা হলেন—সোহেল রানা বাবা আবদুল খালেক, মা মর্জিনা বেগম, সাভার পৌরসভার ওয়ার্ড কমিশনার মো. আলী, স্থপতি একেএম মাসুদ রেজা, পৌরসভা মেয়র রেফায়েত উল্লাহ, সাভার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, প্রকৌশলী মাহবুবুর রহমান, রাকিবুল হাসান রাসেল, ফারজানা ইসলাম, লাইসেন্স পরিদর্শক মো. আবদুল মোত্তালিব, সাবেক সচিব মর্জিনা খান প্রমুখ।
দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান সাংবাদিকদের জানান, সোহেল রানার বাবা ঐ ভবনের মালিক হওয়ায় তার বিরুদ্ধে মামলা হচ্ছে। ভবনের মালিক না হওয়ায় সোহেল রানার বিরুদ্ধে মামলা করা হবে না বলে তিনি জানান। দুদক সূত্রে জানা যায়, অবৈধ ও নকশাবহির্ভূতভাবে অনুমোদিত ৬ তলা ভবনকে ১০ তলা নির্মাণ করায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে কমিশন। দুদকের উপ-পরিচালক এস এম মফিদুল ইসলাম এ অভিযোগ অনুসন্ধান করেছেন।