বকেয়া বেতনের দাবি

গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ ভাংচুর

বকেয়া বেতন পরিশোধের দাবিতে গতকাল বৃহস্পতিবার গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস মোড় এলাকায় মাইলস্টোন গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ ও ঢাকা-ময়মনসিংহ মহসড়ক অবরোধ করেছে। এসময় উত্তেজিত শ্রমিকরা কারখানা ভবন ও বেশকিছু গাড়ির কাঁচ ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অন্তত ২০-২৫ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। অবরোধের কারণে মহাসড়কে চলাচলকারী সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন যাবত্ মাইলস্টোন কারখানার শ্রমিকরা তাদের মে মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি করে আসছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের এ দাবি না মেনে নানা তালবাহানা করতে থাকে। এক পর্যায়ে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের মে মাসের ৩০ শতাংশ বেতন পরিশোধের সিদ্ধান্তের কথা জানায়। এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে গতকাল কারখানা অভ্যন্তরে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। এ ঘটনায় রোয়া ফ্যাশন ও মাইলস্টোন পোশাক কারখানা দুইটি একদিনের ছুটি ঘোষণা করে।