রংপুরে বিএনপি দু’গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি
প্রকাশ : ১২ জুন ২০১৪, ২৩:১৩
রংপুরে নবগঠিত জেলা ও মহানগর বিএনপি গ্রুপ এবং পদবঞ্চিত বিদ্রোহী গ্রুপ গতকাল বৃহস্পতিবার পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে। কর্মসূচির শেষ দিকে বিকেলে মহানগরীর তাহসিন উদ্দীন সড়ক এলাকায় মহানগর বিএনপি’র সভাপতি মোজাফফর হোসেনের ভাতিজা কামাল হোসেনের জিপে হামলা চালিয়ে ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় কামালকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করা হয়। তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, দুপুরে বিএনপি’র নতুন দুই কমিটি দলীয় কার্যালয় থেকে আনন্দ শোভাযাত্রা বের করে এবং একই সময় পদবঞ্চিত গ্রুপ প্রেসক্লাব চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে। এনিয়ে দু’গ্রুপের মধ্যেই সন্ধ্যা পর্যন্ত উত্তেজনা বিরাজ করে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিএনপি কার্যালয়সহ নগরের গুরুত্বপূর্ণস্থানে পুলিশ মোতায়েন করা হয়।
পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক মমতাজ শিরিন ভরসা, শহিদুল ইসলাম মিজু প্রমুখ। বক্তারা অবিলম্বে জেলা ও মহানগর কমিটি বাতিল করা না হলে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
অন্যদিকে নবঘোষিত রংপুর জেলা ও মহানগর কমিটি শোভাযাত্রা শেষে শাপলা চত্বরে সমাবেশ করে। সেখানে বক্তব্য রাখেন নবগঠিত জেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসা, মহানগর কমিটির সভাপতি মোজাফ্ফর হোসেন প্রমুখ। বক্তারা বলেন, কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে দু’একজন কমিটি বাতিলের নামে দলের মধ্যে বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে দলের নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান তারা।
প্রসঙ্গত, গত ৬ জুন দলের কেন্দ্র থেকে বিএনপি’র রংপুর জেলা ও মহানগরের ১০১ সদস্য বিশিষ্ট পৃথক দুটি কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি ঘোষণার পরই নেতাকর্মীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েন।