বাগেরহাটে ব্যাংক থেকে ৬০ লাখ টাকা তোলার পর ব্যবসায়ীর ম্যানেজার নিখোঁজ
প্রকাশ : ১২ জুন ২০১৪, ২৩:১৩
বাগেরহাটে ব্যাংক থেকে ৬০ লাখ টাকা তোলার পর মংলা উপজেলার মেসার্স লক্ষ্মী ট্রেড ইন্টারন্যাশনালের ম্যানেজার মো. শাহীন নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট শহরের রাহাতের মোড় ব্রাক ব্যাংক শাখা থেকে এই টাকা উত্তোলন করা হয়। এই ঘটনা জানাজানি হওয়ার পর বিকালে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ব্যাংকের ক্লোজ সার্কিট ক্যামেরায় ধারণ করা ছবি যাচাই বাছাই করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান পরে জানিয়েছেন, ক্যামেরার ফুটেজে দেখা গেছে মো. শাহীন ব্যাংকে এসে চেক জমা দেয়ার পর থেকে খুব অস্থির ছিলেন। তিনি মোবাইল ফোনে কথা বলছেন, বাইরে হাঁটাহাঁটি করছেন। শাহীন দুর্বৃত্তদের হাতে অপহূত হয়েছেন না তিনি নিজে টাকা আত্মসাত করতে গা ঢাকা দিয়েছেন তা অনুসন্ধান করতে পুলিশ কাজ শুরু করেছে।
মেসার্স লক্ষ্মী ট্রেড ইন্টারন্যাশনালের মালিক হারুন অর রশিদ বলেন, বিকাশের লেনদেনের জন্য এই টাকা তুলতে পাঠানো হয় মো. শহীনকে। নিখোঁজ শাহীন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পুঁটিখালী ইউনিয়নের ভাটখালী গ্রামের মো. সুলতান হাওলাদারের ছেলে। তার ভাই সেলিম হাওলাদার দাবি করেছেন শাহীনকে ৬০ লাখ টাকাসহ দুর্বৃত্তরা অপহরণ করেছে।