নিজাম হাজারীর এমপি পদ বাতিলে ইসিতে আবেদন

ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর সংসদ সদস্য পদ বাতিলের আবেদন করে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছেন আবু হেনা মোস্তফা কামাল নামে এক ব্যক্তি। সম্প্রতি চিঠিটি কমিশনে এসে পৌঁছালে যাচাই বাছাই শেষে কমিশন সভায় উত্থাপন করা হয়েছে। বিষয়টি আমলে নিয়ে নির্বাচন কমিশন (ইসি) আলোচনার সিদ্ধান্ত নিয়েছে। ইসির সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য পাওয়া গেছে। গত ১৮ মে ডাকযোগে এ বিষয়ে ফেনী সদরের ফাজিলপুর ইউনিয়নের শিবপুর গ্রামের আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল সংসদ সদস্য নিজাম হাজারীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের কাছে আবেদন করেন। আবেদনে বলা হয়, ‘দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী অস্ত্র মামলায় জাল-জালিয়াতির মাধ্যমে ২ বছর ১০ মাস ১দিন কম কারাভোগ করে ২০০৫ সালের ১ ডিসেম্বর জেল থেকে বেরিয়ে যান। ইতিমধ্যে বিষয়টি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে। কিন্তু তিনি নির্বাচনে হলফনামায় মিথ্যা তথ্য দিয়ে সংসদ সংদস্য নির্বাচিত হয়েছেন। বিষয়টি সঠিক তদন্ত ও বিচার বিশ্লেষণের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।’ আবেদনের অনুলিপি প্রধান বিচারপতি, অন্যান্য নির্বাচন কমিশনার, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনারদেরও দেয়া হয়েছে। উল্লেখ্য, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নির্বাচনে প্রত্যেক প্রার্থীর ৮ ধরনের তথ্য দেয়া বাধ্যতামূলক। তবে হলফনামায় তথ্য গোপন করলে বা মিথ্যা তথ্য দিলে তা দণ্ডবিধির ১৮১ ধারায় শাস্তিযোগ্য অপরাধ।