সাবেক বিচারপতি বি কে দাস আর নেই

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচার-পতি বি কে দাস (বিজন কুমার দাস) মারা গেছেন। রাজধানীর এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার সকাল ১১টা ১০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিচারপতি বি কে দাস ছিলেন বঙ্গবন্ধু হত্যা মামলায় আপিল শুনানি বেঞ্চের অন্যতম বিচারক। ১৯৯১ সালে তিনি তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা ছিলেন। অবসরে যাওয়ার পর ২০১০ সালের ১০ নভেম্বর গত মহাজোট সরকার ৩ বছরের জন্য তাকে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। হাসপাতাল থেকে গতকাল দুপুরে তার মরদেহ সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রধান বিচারপতি, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারক ও আইনজীবীরা তার প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া প্রেস কাউন্সিলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও শ্রদ্ধা জ্ঞাপন করা হয় বলে জানান প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার। শ্রদ্ধা জ্ঞাপন শেষে তার মরদেহ সিলেটের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।