গল্প নয় সত্যি

বাজি ধরে বিপাকে...

বিশ্বকাপ ফুটবলের খেলা দেখতে বিশ্বের নানা দেশ থেকে অসংখ্য ভক্ত আর সমর্থকই জড়ো হয়েছেন ব্রাজিলে। আর খেলার ফাঁকে ফাঁকে তারা যেমন ব্রাজিলের দর্শণীয় স্থানগুলো ঘুরে বেড়াচ্ছেন তেমনি সময় করে শৌখিন ফুটবল খেলছেন স্থানীয় অধিবাসী আর বিভিন্ন দেশের সমর্থকদের সাথেও। তবে সম্প্রতি কয়েক রাউন্ড বিয়ারের বাজি ধরে এমনই একটি শৌখিন ম্যাচ খেলতে গিয়ে রীতিমতো চোখ কপালে উঠেছে একদল ইংল্যান্ড সমর্থকের। ব্রাজিলের রিও ডি জেনিরোর বিখ্যাত কোপাকাবানা বিচে দারুণ আত্মবিশ্বাস নিয়েই এরা খেলতে নেমেছিলেন ক্রোয়েশিয়ার একদল সমর্থকের সাথে। বয়সের দিক থেকে ইংল্যান্ডের সমর্থকদের সবাই যখন ছিলেন তরুণ কিংবা যুবা তখন ক্রোয়েশীয়দের হয়ে খেলতে নামা সকলের বয়সই ছিল চল্লিশের ওপরে। তাছাড়া অনেকের শরীরে বার্ধক্যের পাশাপাশি জমেছিল বাড়তি মেদও। তাই এ ধরনের বুড়োদের একটি দলকে খুব সহজেই হারিয়ে দিয়ে বিয়ার খাবার পয়সাটা উঠে যাবে বলেই ভেবেছিল ইংলিশ তরুণেরা। তবে সিক্স-এ সাইড এই ফুটবল ম্যাচে ইংলিশদের বিন্দু মাত্র পাত্তা না দিয়ে মাত্র কয়েক মিনিটের মাঝেই তিন শূন্য গোলে জয় নিশ্চিত করে ক্রোয়াটরা। আর তাদের এই দৃষ্টিনন্দন খেলা দেখার পর কুশল বিনিময় করতে গিয়েই ইংলিশরা আবিস্কার করে যে, নেহাত বৃদ্ধ আর মোটা ভেবে যাদেরকে তারা অবজ্ঞা করেছিল সেই দলটির প্রায় সবাই ক্রোয়েশিয়ার জাতীয় দলের সাবেক খেলোয়াড়। এর মধ্যে ১৯৯৮ সালে বিশ্বকাপে তৃতীয় স্থান দখল করা ক্রোয়েশিয়া দলের সদস্য পিটার ক্রাপন যেমন ছিলেন তেমনি ছিলেন ২০০২ ও ২০০৬ এ বিশ্বকাপ খেলা সাবেক বুন্দেসলিগা খেলোয়াড় মার্কো বাবিকের মতো খেলোয়াড়ও। এ বিষয়ে পরে রসিকতা করে পিটার ক্রাপান সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ইংলিশ সমর্থকরা ভেবেছিল আমরা বুড়ো আর মোটা, তবে আমরা তাদেরকে দু’একটি জিনিস বেশ ভালোভাবেই শিখিয়ে দিয়েছি।’