প্রশিক্ষণের বেহাল দশা

বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে দেশব্যাপী বিদ্যালয়গুলোতে মাল্টিমিডিয়া ক্লাসরুম প্রতিষ্ঠার কাজ চলছে। দেশের সকল সরকারি টিচার্স ট্রেনিং কলেজের মতো চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজেও চলছে ডিজিটাল কনটেন্ট তৈরির ১৪ দিনের প্রশিক্ষণ। এতে ৬০ জন করে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ নিচ্ছেন। কিন্তু অব্যবস্থাপনা ও দুর্বল অবকাঠামোর জন্য মানসম্মত প্রশিক্ষণ নিশ্চিত হচ্ছে না। ক্লাসরুমে বিকল্প বিদ্যুতের ব্যবস্থা না থাকায় বিদ্যুতের অভাবে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। পর্যাপ্ত ফ্যান নেই ক্লাসরুমগুলোতে। সরকার থেকে দেওয়া ল্যাপটপগুলো মেরামতের জন্য প্রকৌশলী নিয়োগ দেয়া হলেও তাঁকে কর্মস্থলে পাওয়া যায় না। ফলে অনেককেই হাতে কলমে প্রশিক্ষণ না নিয়েই চলে যেতে হচ্ছে। তার ওপর পর্যাপ্ত প্রশিক্ষকের অভাবে মানসম্মত প্রশিক্ষণ হচ্ছে না এখানে। প্রতি আবর্তে মোট ৬ জন প্রশিক্ষক দুটি ব্যাচে প্রশিক্ষণ দিয়ে থাকেন। সার্বক্ষণিক দু’ব্যাচে দু’জন করে ৪ জন প্রশিক্ষক থাকার কথা থাকলেও দু’জনের বেশি পাওয়া যায় না। কারণ এই প্রশিক্ষকরা একইসঙ্গে একাধিক প্রশিক্ষণের প্রশিক্ষকের কাজ করেন। এছাড়াও রয়েছে খাবার ও অবকাঠামো সংকট। পুরনো নষ্ট প্রজেক্টর দিয়ে ক্লাস নেওয়া হয়, যাতে ভালো করে লেখা ও ছবি বোঝা যায় না। প্রতিদিন ক্লাসরুম পরিষ্কার করা হয় না। ঋণের অর্থে পরিচালিত এসব প্রকল্পের অর্থ অপচয়ের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মাধ্যমিক বিদ্যালয়ের জনৈক শিক্ষক, চট্টগ্রাম