মন্ত্রণালয়ে চালু হচ্ছে
ই-ফাইলিং
প্রকাশ : ১৪ জুন ২০১৪, ২১:৩৬
সব মন্ত্রণালয়ে শিগগির চালু হচ্ছে ই-ফাইলিং পদ্ধতি। শনিবার অনুষ্ঠিত সকল মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রণালয়সমূহে ই-সার্ভিস বাস্তবায়ন বিষয়ক এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশারাফ হোসেন ভূইঞা।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল প্রযুক্তি এদেশের উন্নয়নের স্লোগানে পরিণত হয়েছে। তথ্য প্রযুক্তিনির্ভর ও উন্নত সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তুত হয়েছে। জনগণ এখন ডিজিটাল সেবা গ্রহণ করতে মানসিকভাবে প্রস্তুত হয়েছে।
তিনি বলেন, নতুন প্রযুক্তির সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে আমাদের নিজেদেরকেও বদলাতে হবে। দক্ষতার সাথে সরকারি সেবাসমূহ প্রাপ্তির প্রক্রিয়াকে সহজতর করে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সেবা জনগণের দোরগোড়ায় অতি অল্পসময়ে পৌঁছে দিতে হবে। এসময় তিনি স্বচ্ছ, দক্ষ ও পক্ষপাতমুক্ত প্রশাসন গড়ে তুলতে সচিবদের প্রতি আহবান জানান।
কর্মশালায় উল্লেখ করা হয়, খুব শিগগির সকল মন্ত্রণালয়ে ই-ফাইলিং চালু হবে। এক্ষেত্রে সচিবদেরকে সব ধরনের প্রস্তুতি শেষ করার নির্দেশনা দেয়া হয়। ধাপে ধাপে সব ধরনের ফাইল ই-ফাইলিং পদ্ধতির অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।