দম্পতিকে অজ্ঞান করে টাকা ও স্বর্ণালঙ্কার লুট
প্রকাশ : ১৪ জুন ২০১৪, ২১:৩৬
রাজধানীর বাড্ডায় এক দম্পতিকে অজ্ঞান করে প্রায় এক লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালঙ্কার লুট করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে মেরুল বাড্ডার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় বিল্লাল হোসেন ও আকলিমা আক্তার নামের ওই দম্পতিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিল্লাল পেশায় প্রাইভেটকার চালক।
হাসপাতালে ঐ দম্পতির মেয়ে বীথি আক্তার সাংবাদিকদের জানান, তাদের বাসার পাশে মেসের কয়েকজন ছেলেকে তার মা বাসায় খাবার খাওয়াতেন। বুধবার রাতে বাসায় খাবার খেতে আসার সময় ৫ যুবক সঙ্গে করে জুস ও বিস্কুটের প্যাকেট নিয়ে আসে। খাবার শেষে বিসু্কট এবং জুস তার বাবা-মাকে খাইয়ে তারা চলে যায়। পরে বাবা-মা অচেতন হয়ে পড়লে ছেলেগুলো গভীর রাতে তাদের বাসার টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে এবং বাসায় থাকা দুই ভরি স্বর্ণালঙ্কার ও ৯৫ হাজার টাকা নিয়ে যায়।
বাড্ডা থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় মৌখিক অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঐ দম্পতি সুস্থ হলে মামলা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাটি ঐ দম্পতির পরিচিত লোকজনই করেছে।