গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, টাকা পাচারকারীরা দেশের শত্রু। যারা টাকা পাচার করে তারা রাষ্ট্রীয় ক্ষমতার সঙ্গে সম্পৃক্ত। তা নাহলে টাকা পাচারকারীদের বিরুদ্ধে সরকার কেন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না? টাকা পাচারকারীরা কি দেশপ্রেমিক যে ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না? গতকাল সোমবার রাজধানীর আরামবাগে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত গণফোরামের কর্মিসভা ও ইফতার অনুষ্ঠানে তিনি এই প্রশ্ন রাখেন।
ড. কামাল বলেন, কথায় কথায় উন্নয়নের ফিরিস্থি তোলা হচ্ছে। অথচ কৃষক তার ধানের ন্যায্য মূল্য পাচ্ছে না। গার্মেন্টস শ্রমিকরাও ন্যায্য মজুরি পাচ্ছেন না। অথচ দেশের টাকা বাইরে পাচার করে দেওয়া হচ্ছে। উন্নয়নের নামে টাকা পাচার করাকে উন্নয়ন বলা যায় না। তিনি বলেন, টাকা পাচারবারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জনগণকে ঐকবদ্ধ হতে হবে। সংঘবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে কারা টাকা পাচার করছে। দেশের একজন নাগরিক হিসেবে তিনি এব্যাপারে সরকারের কাছে ব্যাখ্যা দাবি করে বলেন, আমি চাই সমাজে এসব নিয়ে আলোচনার ঝড় উঠুক। যারা টাকা পাচার করে তাদের কীভাবে মূল্যায়ন করা হবে। আসুন সবাই মিলে বলি কারা জনগণের টাকা পাচার করে।
ডাকসুর ভিপি নুরুল হকের উপর হামলাকারী কারা তা খুঁজে বের করতে পুলিশের প্রতি আহ্বান জানিয়ে গণফোরাম সভাপতি বলেন, কারা হামলা করে? তাদের কেন ধরা হচ্ছে না? পুলিশ তো জানে কারা এই হামলা করেছে। কীভাবে একজন নেতাকে মারা হচ্ছে এটাতো সবাই দেখেছে। কর্মিসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গণফোরাম নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, খান সিদ্দিকুর রহমান, শফির রহমান বাচ্চু, লতিফুল বারী হামিম, মাহমুদ উল্লাহ প্রমুখ।