ব্রাজিলের সমর্থকদের আনন্দ র্যালি
প্রকাশ : ১৪ জুন ২০১৪, ২১:৩৮
দেশের বিভিন্ন স্থানে ব্রাজিলের বিজয়ে বিশাল র্যালি ও আনন্দ মিছিল হয়েছে। আবার কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুত্ না পেয়ে ফুটবল প্রেমিকরা ক্ষোভে ফেটে পড়েছে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
এনায়েতপুরে সমর্থকদের আনন্দ মিছিল
চৌহালী (সিরাজগঞ্জ):ফিফা বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে পছন্দের ব্রাজিল জয় লাভ করায় এই দেশের পতাকার রাজধানীখ্যাত সিরাজগঞ্জের এনায়েতপুরে আনন্দ মিছিল করে সমর্থকরা। শুক্রবার বিশাল পতাকাসহ ঢাক-ঢোল নিয়ে বের হওয়া মিছিলটি এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। এসময় সংগঠনের উপদেষ্টা সাইদুল ইসলাম, সভাপতি মোশারফ খান, সহ-সভাপতি রফিক মির্জা, সাধারণ সম্পাদক আতাব আলী সরকার, সাংগঠনিক সম্পাদক নূরজামাল প্রামাণিক, প্রচার সম্পাদক কাইয়ুম মাল, সংগঠন সদস্য জাহিদ হোসেন জহুরুল, আইয়ুব আলী শেখ, মাসুদ খান, রাসেল আহমেদ, মাহমুদুল হাসানসহ দুই শতাধিক বিভিন্ন বয়সী সদস্যরা অংশ নেন।
মাগুরা বিশ্বকাপ ফুটবল আনন্দে মেতে উঠেছে
মাগুরা প্রতিনিধি: বিশ্বকাপ ফুটবল উপলক্ষে আনন্দে মেতে উঠেছে মাগুরা জেলা । চারিদিকে উড়ছে বিভিন্ন দেশের পতাকা। ব্রাজিল সমর্থকরা শহরের চৌরঙ্গী মোড়ে বিশাল ব্রাজিলের পতাকা নিয়ে আনন্দ মিছিল বের করে। এছাড়া বিভিন্ন দোকানে প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানী, ইতালী, ইংল্যান্ডের পতাকা। দোকানি জানান, বিভিন্ন দেশের পতাকা বিক্রি হলেও ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা বেশী বিক্রি হচ্ছে।
হোসেনপুরে বিদ্যুত্ না পেয়ে ফুটবল প্রেমিকদের ক্ষোভ
হোসেনপুর পল্ল¬ী বিদ্যুতের টানা ৭-৯ ঘণ্টার লোডশেডিং ও অব্যবস্থাপনার কারণে পৌর এলাকা ও উপজেলার ৬টি ইউনিয়নের হাজার হাজার ফুটবল প্রেমিক বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী খেলা দেখতে না পেরে চরম ক্ষোভ প্রকাশ করেছেন। ১২জুন সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত টানা প্রায় ৯ ঘণ্টার লোডশেডিং থাকায় রাতে উদ্বোধনী অনুষ্ঠান ও ব্রাজিল-ক্রোয়েশিয়া প্রথম ম্যাচটি দেখতে পারেনি দর্শকরা। পরবর্তী বিশ্বকাপ খেলা চলাকালে নিরবছিন্ন বিদ্যুত্ সরবরাহের দাবি জানিয়েছেন ফুটবল প্রেমিকরা ।
ধামইরহাটে হাজারো হলুদ জার্সিতে ব্রাজিল সমর্থকরা
ধামইরহাট (নওগাঁ):নওগাঁ ধামইরহাটে শুক্রবার নাচের তালে তালে ব্রাজিলের হলুদ জার্সি গায়ে ট্রাকের মিছিল মঙ্গলবাড়ি থেকে শুরু করে ধামইরহাট বাজার হয়ে নজিপুর পৌরসভা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ধামইরহাট এসে শেষ হয়। সঙ্গে যোগ হয় সাউন্ড সিস্টেমের গাড়ি। ট্রাকের মিছিলসহ শো-ডাউন ধামইরহাট বাজার অতিক্রম করে তখনই রাস্তার দুই পাশে শত শত মানুষ করতালি দিয়ে স্বাগত জানায় ব্রাজিল সমর্থকদের। আর ট্রাকের মিছিলের সামনে থাকা ৫০-৬০টি মোটর সাইকেলের মহড়া ছিল আরো আকর্ষণীয়।
সুজানগরে ফুটবল প্রেমি ক্ষোভ
সুজানগর (পাবনা): ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বহু কাঙ্ক্ষিত বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচ দেখার আনন্দ মাটি হয়ে গেছে পাবনার সুজানগরের ফুটবলপ্রেমী দর্শকদের। এ ঘটনায় ফুটবলপ্রেমীরা স্থানীয় বিদ্যুত্ অফিস ঘেরাও করতে উদ্ধত হন। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ তাদের নির্বৃত করেন। ভুক্তভোগী ফুটবলপ্রেমীরা জানান, তারা যখন বিপুল উত্সাহ-উদ্দীপনা নিয়ে কেউ বাসা-বাড়িতে কেউ বা হাট-বাজারে টেলিভিশন কিংবা প্রজেক্টরের বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচ দেখছিলেন ঠিক সে সময়ে শুরু হয় লোডশেডিং।
সৈয়দপুরে বিশ্বকাপ ফুটবল উম্মাদনা
সৈয়দপুর (নীলফামারী):নীলফামারী জেলার সৈয়দপুরে শুরু হয়েছে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা। শহর ও গ্রাম সর্বত্র চলছে সমর্থকদের পতাকা উড়ানো আর বাজি ধরার প্রতিযোগিতা। যদিও বিশ্বকাপ ফুটবল পর্যায়ে বাংলাদেশ দল নেই। তবুও চারিদিকে বাঁধভাঙ্গা উল্লাস। বাসাবাড়ি, যানবাহন, দোকান এমনকি বাইসাইকেলেও উড়ছে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা। আরও উড়ছে জার্মানি, ইতালি, ফ্রান্স, নাইজেরিয়ার পতাকাও। পাড়া, মহল্লার অলিতেগলিতে, চায়ের কাপের আড্ডায়, অফিস-আদালতে সর্বত্র আলোচনার বিষয় বিশ্বকাপ ফুটবলকে ঘিরে।