নিজেকে মানসিকভাবে অসুস্থ দাবি অভিযুক্ত শিক্ষিকার, তদন্ত চলছে
প্রকাশ : ১৪ জুন ২০১৪, ২১:৪৫
ব্লেড দিয়ে হাত-পা কেটে জখম
সুনামগঞ্জে ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষর্থীদের বাসা থেকে অংক করে না আনায় ৪৮ শিক্ষার্থীকে ব্লেড ধরিয়ে দিয়ে নিজেদের হাত-পা কাটতে বাধ্য করার ঘটনায় ঐ স্কুলের অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে তদন্ত চলছে। শুক্রবার সকালে সুনামগঞ্জ শহরতলীর ইব্রাহিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাশার মৃধা। তিনি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্য এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। তবে ঐ শিক্ষিকা শিক্ষা কর্মকর্তার কাছে নিজেকে মানসিকভাবে অসুস্থ দাবি করেন।
বুধবার বিকালে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা বাসা থেকে অংক করে না আনায় শিক্ষিকা দীপা দাস পার্শ্ববর্তী একটি সেলুন থেকে ৫২ টুকরা ব্লেড আনিয়ে শিক্ষার্থীদের হাতে ধরিয়ে দেন এবং নিজেদের হাত-পা কেটে রক্তাক্ত করতে বলেন। পরে বাধ্য হয়ে কোমলমতি শিক্ষার্থীরা নিজেদের হাত-পা কেটে রক্তাক্ত করে। এ ঘটনায় বৃহস্পতিবার বিদ্যালয়ে গিয়ে শতাধিক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে শিক্ষিকার বিচার দাবি করেন।
শুক্রবার সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে অভিযুক্ত শিক্ষিকা দীপা দাস বলেন, ‘আমি অসুস্থ। হাই এন্টিবায়োটিক ওষুধ সেবন করায় সেদিন আমার মাথা ঠিকমতো কাজ করছিল না। অংক না পারায় শিক্ষার্থীদের ভয়-ভীতি দেখিয়েছিলাম। পরে কিভাবে কী হয়েছে আমি বলতে পারব না।’