ব্রাজিলকে ভয় পাচ্ছে
না মেক্সিকো
প্রকাশ : ১৪ জুন ২০১৪, ২১:৪৮
অভিজ্ঞ স্ট্রাইকার ওরিবে পেরালটার একমাত্র গোলে অলিম্পিক স্বর্ণজয়ী মেক্সিকো ২০১৪ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ক্যামেরুনকে ১-০ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপে ব্রাজিলের অপেক্ষায় থাকলো। ১৭ জুন মঙ্গলবার ফোর্তালেজায় খেলাটি অনুষ্ঠিত হবে। তার আগে মেক্সিকো কোচ মিগুয়েল হেরেরা জানিয়েছেন তারা স্বাগতিকদের বিরুদ্ধে পরবর্তী খেলাটিতে জয়ের চেষ্টা চালাবেন।
মেক্সিকো কোচ হেরেরা এ ব্যাপারে বলেন, ‘আমাদের মনোবল তুঙ্গে। আমরা জয়ের জন্যই সেখানে যাচ্ছি।’ যদিও দক্ষিণ আমেরিকার দেশ দুটির মধ্যে ৩৮ বারের মোকাবেলায় ২২টিতে জিতেছে ব্রাজিল। মেক্সিকো জিতেছে কেবল ১০টি।
ক্যামেরুনের বিরুদ্ধে খেলায় প্রথমার্ধে তাদের দুটি গোল অফসাইডের কারণে বাতিল করে দেয়। শেষ পর্যন্ত পেরালটা দ্বিতীয়ার্ধে গোলটির দেখা পান। তবে গত শুক্রবার রাতে নাটালে অনুষ্ঠিত খেলাটিতে বাজে রেফারিংয়ের কারণে আরো একবার টুর্নামেন্টটিতে বিতর্ক দেখা দিল। কোচ হেরেরা অবশ্য জানিয়েছেন তার দল রেফারিং নিয়ে চিন্তিত নয়। বরং খেলাটিতে জয়ের ব্যাপারেই মনোযোগ নিবদ্ধ করছে।
মেক্সিকানরা পুরো খেলাতেই প্রাধান্য বিস্তারের পরও মাত্র এক গোলের জয় কোনভাবেই মেনে নিতে পারেনি। বিশেষ করে গোলশূন্য প্রথমার্ধে মেক্সিকোর হয়ে জিওভানি ডস সান্তোসের দুটি এবং ক্যামেরুনের এরিক ম্যাক্সিম চুপো-মোটিংয়ের একটি গোল অফসাইডের কারণে সহকারী রেফারি বাতিল করে দেন। কিন্তু তার সিদ্ধান্তগুলো নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার ক্রোয়েশিয়ার বিপক্ষে স্বাগতিক ব্রাজিলের ৩-১ গোলের জয়েও ব্রাজিলের পক্ষে একটি পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। কিন্তু এতকিছুর পরও আবারো প্রথম ম্যাচে ক্যামেরুনকে পরাজিত হয়ে হতাশ হতে হলো।
নাটালের এস্তাদিও ডাস ডুনাসে মেক্সিকোর পক্ষে ডস সান্তোস মিগুয়েল লয়েনের পাস থেকে প্রথম গোল করলেও সহকারী রেফারি অফসাইডের কারণে তা বাতিল করে দেন। কিন্তু টেলিভিশন রিপ্লে¬তে দেখা গেছে ভিলারেলের এই স্ট্রাইকার সুস্পষ্টভাবেই অন সাইডে ছিলেন। কিন্তু কলম্বিয়ান রেফারি উইলিয়াম রোলডানের দৃষ্টিতে তা ছিল অবৈধ।
এর মিনিটখানেক পরেই কর্ণার থেকে হেডের মাধ্যমে এরিক চুপো-মোটিং মেক্সিকান গোলরক্ষক গুইলারমো ওচোয়াকে পরাস্ত করলেও সেটা অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।
পুরো খেলায় আফ্রিকান দলটি এই একবারই ভাল সুযোগ সৃষ্টি করতে পেরেছিল। এরপর অবশ্য বাম দিক থেকে বেনোয়িট আসো-ইকোটোর বাড়ানো বল চেলসি স্ট্রাইকার স্যামুয়েল ইতো প্রথম সুযোগে ধরতে ব্যর্থ হলে ক্যামেরুনের আরেকটি সুযোগ নষ্ট হয়।
মেক্সিকো অবশ্য একের পর এক আক্রমণ চালিয়ে ক্যামেরুনের উপর চাপ সৃষ্টি করে খেলতে থাকে। কর্ণার থেকে ডস সান্তোসের হেড গোলের ঠিকানা খুঁজে পেলেও আরেকবার তারকা এই স্ট্রাইকারকে হতাশ হতে হয় সহকারী রেফারির পতাকা উত্তোলনের কারণে।
ক্যামেরুনের কোচ ভলকার ফিনকে দ্বিতীয়ার্ধে রক্ষণভাগে ড্যানি নুনকেওর স্থানে সেডরিক জেওগুয়েকে নামিয়েও চাপ সামলাতে পারেননি। ৬১ মিনিটে ডস সান্তোসের লো ড্রাইভ ক্যামেরুনের গোলরক্ষক ইটানজে থামাতে গিয়ে হাত ফস্কালে আগুয়ান পেরালটা বলটি আয়ত্তে নিয়ে শেষ পর্যন্ত তা জালে জড়াতে সক্ষম হন। এই নিয়ে মেক্সিকোর হয়ে শেষ সাত ম্যাচে ক্লাব আমেরিকার এই স্ট্রাইকার নয়টি গোল করলেন। বিশ্বকাপের বাছাইপর্বেও ১০ গোল করেছিলেন পেরালটা।
মঙ্গলবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ব্রাজিলের মুখোমুখি হবে মেক্সিকো।-বাসস/এএফপি