অজিদের হারিয়ে স্প্যানিশদের চাপে রাখলো চিলি
প্রকাশ : ১৪ জুন ২০১৪, ২১:৪৮
চিলি কোচ জোর্গে সাম্পাওলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩-১ গোলে জয় শেষে পরের খেলায় শিরোপাধারী স্পেনের মোকাবেলায় কোনকিছুই নিশ্চিত নয় বলে মত দেন। স্প্যানিশরা শুক্রবার রাতে নেদারল্যান্ডের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয়। অপরদিকে চিলি এ জয়ে ব্রাজিল বিশ্বকাপের ‘বি’ গ্রুপে ডাচদের সাথে সমান তিন পয়েন্টে অবস্থান নিল।
কোচ সাম্পাওলি বলেন, ‘আমি মনে করি না এ ফলটিই সবকিছু নিশ্চিত করে দিচ্ছে। স্পেনের আছে সেরা এক কোচ এবং বিশ্বের সেরা অনেক খেলোয়াড়। স্পেন আগের বিশ্বকাপেও শুরুতে হেরেছে এবং এরপর তারা চ্যাম্পিয়ন। বিশ্বকাপে হল্যান্ড ও স্পেনের তুলনামূলক ইতিহাস আছে। তারা হলো চ্যাম্পিয়ন ও ভাইস চ্যাম্পিয়ন। তাদের মোকাবেলা করতে হলে আমাদের আরো উন্নতি করতে হবে।
চিলি আগামী বুধবার স্পেনের মোকাবেলা করবে। সাম্পাওলি জানান, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলাটি তাদের কৌশলগত ভুলত্রুটিগুলো শোধরাতে সাহায্য করেছে। অবশ্য অজিদের বিরুদ্ধে খেলাটিতে ৪০ হাজার দর্শকের দুই-তৃতীয়াংশের সমর্থনও কাজ দেয়। মাঠের খেলায় অবশ্য চিলির শীর্ষ খেলোয়াড় অ্যালেক্সিস সানচেজ দলের প্রথম গোলটি করার পাশাপাশি জোর্গে ভালডিভিয়ার দ্বিতীয়টিতে বলের জোগান দেন। এর সুবাদে খেলাটিতে ম্যান অব ম্যাচও হন বার্সেলোনা তারকাটি।
তারকা স্ট্রাইকার টিম কাহিল বিরতির আগে সকারুজদের পক্ষে সান্ত্বনাসূচক গোলটি করলেও ইনজুরি টাইমে জিন বিউসেজার চিলির পক্ষে তৃতীয় গোল করলে দলের জয় নিশ্চিত হয়।
কুইয়াবার এরিনা পানটানালের ফ্ল্যাডলাইটের আলোয় চিলি সকারুজদের বিপক্ষে একটু বেশি আক্রমণাত্মক ছিল। ১২ মিনিটে অস্ট্রেলিয়ান বক্সের ভিতর মিডফিল্ডার চার্লস আরানগুইজের দারুণ একটি প্রচেষ্টা থেকে বল পেয়ে যান সানচেজ। অস্ট্রেলিয়ান রক্ষণভাগকে ভেঙ্গে তার থেকে দলকে এগিয়ে দিতে ভুল করেননি এই স্ট্রাইকার। ডান পায়ের জোরালো শটে তিনি অস্ট্রেলিয়ান গোলরক্ষক ম্যাট রায়ানকে পরাস্ত করেন। চিলিয়ান সমর্থকদের সাথে খেলাটিতে মাঠে বসে নিজ দেশকে সমর্থন যুগিয়েছেন ম্যানচেস্টার সিটির ম্যানেজার ম্যানুয়েল পেলেগ্রিনি এবং চিলির রাষ্ট্রপতি মিশেল বাখেলেট।
এগিয়ে যাবার দুই মিনিট পরে অস্ট্রেলিয়ান রক্ষণভাগ আবারো নিজেদের ভুলের কাছে পরাস্ত হয়। প্রায় ফাঁকায় দাঁড়ানো ভালডিভিয়ার কাছে সানচেজ বল বাড়িয়ে দিলে গোলরক্ষকের খুব কাছে থেকে বল জালে জড়ান এই মিডফিল্ডার। ১৯৬২ সালে ঘরের মাটিতে তৃতীয় স্থান লাভের পর এই প্রথমবারের মত বিশাল লক্ষ্য নিয়ে বিশ্বকাপে খেলতে এসেছে চিলি। আর তাতে এগিয়ে যাবার জন্য এর থেকে ভাল সূচনা আর কিছুই হতে পারে না।
দুই গোলে পিছিয়ে পড়ার পর অস্ট্রেলিয়ান কোচ আনগে পোস্টেকগলু দলের তরুণ খেলোয়াড়দের ঝালিয়ে নেবার সুযোগ নেন। অস্ট্রেলিয়া যদি ম্যাচে ফিরে আসার মত কোন লক্ষ্যস্থির করে তবে তাতে বরাবরের মতই মুখ্য ভূমিকা পালন করতে হবে অভিজ্ঞ কাহিলেরই। দেশের হয়ে সর্বকালের এই সেরা গোলদাতাই শেষ পর্যন্ত দলের পক্ষে একটি গোল শোধও করেন। নিউইয়র্ক রেড বুলসের এই স্ট্রাইকার ৩৫ মিনিটে চিলির অধিনায়ক ও গোলরক্ষক ক্লডিও ব্র্যাভোকে হেডে পরাস্ত করেন। দক্ষিণ আফ্রিকান বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচে লাল কার্ড পাওয়া কাহিল বিরতির ঠিক আগে তার দ্বিতীয় গোল প্রায় পেয়েই গিয়েছিলেন। কিন্তু ব্র্যাভোর দক্ষতায় আবারো রক্ষা পায় চিলি।
হাঁটুর ইনজুরি কাটিয়ে কাল চিলির পক্ষে মাঠে নেমেছিলেন তারকা মিডফিল্ডার আরটুরো ভিদাল। ৬০ মিনিটে অবশ্য তার পরিবর্তে মাঠে নামেন ফিলিপ গুটিরেজ। দ্বিতীয়ার্ধেও সকারুজদের পক্ষে একমাত্র কাহিলই নিজের নামের প্রতি সুবিচার করেছেন। তবে দলকে টেনে তোলার জন্য তার একক প্রচেষ্টা যথেষ্ট ছিল না। ইনজুরি টাইমে বদলী খেলোয়াড় বিউসিজার দলের পক্ষে তৃতীয় গোল করলে ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ক্লডিও ব্র্যাভোর দল।-বাসস/এএফপি