নিষিদ্ধ বেকেনবাওয়ার

জার্মান কিংবদন্তি ফ্রাঞ্চ বেকেনবাওয়ারকে ফুটবল সংক্রান্ত সব ধরনের কার্যক্রম থেকে ৯০ দিনের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে ফিফার এথিকস কমিটি। ফিফার দুর্নীতির অভিযোগ তদন্ত কমিটির প্রধান হিসেবে দুই বছর যাবত দায়িত্ব পালন করা যুক্তরাষ্ট্রের সাবেক এ্যাটর্নি জেনারেল মাইকেল গার্সিয়ার বার বার সাহায্যের অনুরোধ প্রত্যাখ্যান করায় ৬৮ বছর বয়সী বেকেনবাওয়ারকে নিষিদ্ধ করা হয়েছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ হচ্ছে, কাতার ২০২২ বিশ্বকাপে আবেদন সংক্রান্ত বিষয়ে তথ্য জানাতে সহযোগিতা না করা। তবে এ বিষয়ে তার কাছে গার্সিয়ার কোন সহযোগিতা চাওয়ার অধিকার নেই বলে বার বার দাবি করে আসছেন বেকেনবাওয়ার। এথিকস কমিটির ডেপুটি চেয়ারম্যান অ্যালান সুলিভান স্বাক্ষরিত নিষেধাজ্ঞায় বলা হয়, বেকেনবাওয়ারের অসহযোগিতার কারণে মূল বিষয়ে কোন সিদ্ধান্ত নিতে না পারায় তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। প্যানেলের একটি সূত্র জানিয়েছে, বেকেনবাওয়ারের শাস্তির মেয়াদ আরো বাড়তে পারে। সাবেক পশ্চিম জার্মানির হয়ে ১০৩ ম্যাচ খেলা বেকেনবাওয়ার খেলোয়াড় হিসেবে ১৯৭২ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপ এবং ১৯৭৪ সালের বিশ্বকাপ জয় করেন। এরপর জাতীয় দলের কোচ হিসেবে ১৯৯০ বিশ্বকাপ জয় করেন তিনি।— বাসস