রিবেরিকে ছাড়াই আত্মবিশ্বাসী ফ্রান্স

দলের অন্যতম খেলোয়াড় ফ্রাঙ্ক রিবেরির অনুপস্থিতিতেই আজ রাতে হন্ডুরাসের বিপক্ষে খেলার মধ্যদিয়ে শুরু হচ্ছে ফ্রান্সের বিশ্বকাপ মিশন। বিশ্বকাপের বাছাই পর্বে কী দূর্দান্ত নৈপুণ্যই না দেখিয়েছিলেন রিবেরি। পাঁচটি গোল করে এবং ছয়টি গোলে বল যোগান দেয়াসহ বাছাই পর্বে ফ্রান্সের দশটি গোলে অবদান ছিল তার। ক্লাব ফুটবলে বায়ার্ন মিউনিখের হয়েও কম নৈপুণ্য দেখাননি তিনি। দুর্ভাগ্য, ইনজুরির কারণে বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে ফ্রান্স দল থেকে ছিটকে পড়তে হল রিবেরিকে। দল থেকে এই বায়ার্ন ছিটকে পড়ায় নতুন করে পরিকল্পনা সাজাতে হচ্ছে ফ্রান্স কোচ দিদিয়ের দেশামকে। রিবেরির অনুপস্থিতি সতীর্থদের ভোগাচ্ছে তা বুঝা যাচ্ছে ফ্রান্সের রক্ষণভাগের খেলোয়াড় লরেন্ত কোসিয়েনলির কথায়ও। যদিও দলের অন্যরা রিবেরির শূন্যতা পূরণ করতে পারবে বলে জানালেন তিনি, ‘ড্রেসিং রুমে তার (রিবেরি) উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। সে সবার সঙ্গেই ভাল যোগাযোগ রক্ষা করতে পারে। তার আবেগ দলের জন্য অনেক প্রয়োজনীয়। দলের অন্যান্য খেলোয়াড়ের অবস্থাও বেশ ভাল। আমরা তার অনুপস্থিতি পূরণ করতে পারবো।’ প্রস্তুতি ম্যাচে জ্যামাইকার বিপক্ষে ৮-০ গোলের জয় পাওয়ায় আত্মবিশ্বাস নিয়ে ব্রাজিলের মাটিতে পা রেখেছে দেশমের দল। এই আত্মবিশ্বাস মধ্য-আমেরিকার দেশ হন্ডুরাসকে হারানোর ক্ষেত্রে বাড়তি রসদ যোগাতে পারে লেস ব্লুদের। রিবেরি না থাকায় পরিকল্পনাও ঢেলে সাজাতে পারেন দেশম। তার নতুন পরিকল্পনায় করিম বেনজেমাকে লেফট-উইংয়ে দেখা যেতে পারে। এ ক্ষেত্রে তার মূল দায়িত্ব হবে অলিভার জিরোডকে বল যোগান দেয়া। শুরুর একাদশে জিরোড না থাকলে বেনজেমাকে রাখা হবে যথারীতি মধ্যমাঠেই। রক্ষণভাগেও কিছুটা পরিবর্তন আনতে পারেন দেশম। প্রথম ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষ ফ্রান্সের বিপক্ষে তেমন প্রত্যাশা নেই হন্ডুরাসের। বড় ব্যবধানের কোনো হার এড়ানোই তাদের প্রধান লক্ষ্য। তবে ফ্রান্সের বিপক্ষে লড়ার আগে ইংল্যান্ডের বিপক্ষে খেলা প্রস্তুতি ম্যাচ থেকে অনুপ্রেরণা নিতে পারে হন্ডুরাস। মিয়ামিতে অনুষ্ঠিত ওই ম্যাচে রয় হডসনের দলের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল তারা। তবে হন্ডুরাসকে কমপক্ষে দ্বিতীয় রাউন্ডে উতরানোর লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন কোচ লুইস সুয়ারেজ, ‘খেলোয়াড়দের পরবর্তী রাউন্ডে লক্ষ্য থাকা উচিত। আমি মনে করি তারা এখানে কেবল সফর করতেই আসেনি। পরের রাউন্ডে যাওয়ার ব্যাপারে তারা যথেষ্ট সচেতন রয়েছে।’ ফ্রান্সের বিপক্ষে হন্ডুরাসের কৌশল কেমন হবে এটা এখনো প্রকাশ করেননি কোচ সুয়ারেজ। তবে ধারণা করা হচ্ছে তার কৌশলটা হতে পারে ৪-৪-২ অথবা ৪-৪-১-১।