পবায় জমি নিয়ে বিরোধ নষ্ট হচ্ছে ২০ বিঘার ধান

রাজশাহীর পবায় পূর্ব শক্রতায় নষ্ট হচ্ছে প্রায় ২০ বিঘা জমির ধান। যার বর্তমান বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা। পাকা ধানের গাছ শুকিয়ে জমিতে নুইয়ে পড়েছে। কিন্তু প্রতিপক্ষের ভয়ে জমির ধান কাটতে পারছেন না মালিক মহানগরীর রাজপাড়া থানার হাড়ুপুর এলাকার রহিমুদ্দিন। এ ব্যাপারে মালিকের মেয়ে শরিফা বেগম বুধবার রাতে রাজপাড়া থানায় তিনজনের নামোল্লেখসহ অজ্ঞাত আসামীদের করে একটি অভিযোগ দাখিল করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, জমিতে ধান পেকে যাওয়ায় গত ২০ মে কৃষকদের নিয়ে কাটতে যান। কিন্তু পূর্ব শক্রতার জেরধরে একই এলাকার মৃত কইয়াতের ছেলে মেহের ও তাঁর দুই ছেলে রবিউল ও আনারুলসহ অজ্ঞাতনামা দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। ওইদিন জমির মালিক ও কৃষকদের ধান কাটলে হত্যার হুমকি দেয়া হয়।