খাগড়াছড়ি থেকে খোয়া যাওয়া ৪০টি গুলি উদ্ধার

খাগড়াছড়ি জেলা জজের বাসা থেকে চুরি হওয়া ৪০ রাউন্ড গুলি কুমিল্লা থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার নগরীর ভিক্টোরিয়া সরকারি কলেজ সংলগ্ন রাণীরপাড় স্মৃতিসৌধের পার্শ্ব থেকে পুলিশ ওই গুলি উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ সুজন (৩২) নামের একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সুজনের বাড়ি খাগড়াছড়ি জেলায় এবং সে কুমিল্লা নগরীর বজ্রপুর এলাকায় ভাড়া বাসায় থেকে অটোরিক্সা চালাতো। পুলিশ পাহারা থাকা অবস্থায় গত ৭ জুন খাগড়াছড়ি জেলা জজের বাসভবন থেকে ৫০ রাউন্ড গুলি চুরি হয়। এ ঘটনায় ওই বাসভবনে পাহারার দায়িত্বে থাকা পুলিশের ৪ সদস্যের বিরুদ্ধে খাগড়াছড়ি থানায় মামলা দায়ের করা হয়। এদের মধ্যে শাহাদাত্ ও সুমন নামের ২ পুলিশ সদস্যকে চাকরি থেকে বরখাস্তের পর গ্রেফতার করা হয়। এদিকে খাগড়াছড়ি সিভিল সার্জনের বাসভবনে অপর একটি চুরির মামলায় মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে খাগড়াছড়ি পুলিশের এসআই হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার রাতে কুমিল্লায় পৌঁছেন এবং কোতয়ালী মডেল থানা পুলিশের সহায়তায় নগরীর বজ্রপুর এলাকা থেকে সুজন নামের এক চোরকে আটক করেন। পুলিশ সুজনের কাছ থেকে সিভিল সার্জনের বাসা থেকে চুরি যাওয়া একটি মূল্যবান মোবাইল টেপ উদ্ধার করে এবং তার দেহে তল্লাশি চালিয়ে ১ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করে। আটক চোর জানায়, খাগড়াছড়িতে অবস্থানরত তার ভগ্নিপতি আরিফ তাকে ৪০ রাউন্ড গুলি দেয়। উক্ত গুলির মধ্যে ৩৯ রাউন্ড গুলি সে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ সংলগ্ন রাণীরপাড় স্মৃতিসৌধের পার্শ্বে লুকিয়ে রেখেছে। পুলিশ গতকাল শনিবার সকালে ওই স্থানে লুকানো উক্ত গুলি উদ্ধার করে। কুমিল্লায় উদ্ধারকৃত ওই গুলি খাগড়াছড়ি জেলা জজের বাসভবন থেকে চুরি যাওয়া গুলি বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতারকৃত সুজনকে পুলিশ শনিবার খাগড়াছড়ি নিয়ে গেছে।