সরকার মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে, হত্যা করেছে গণতন্ত্র
প্রকাশ : ১৪ জুন ২০১৪, ২২:১১
ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। তাদের উদ্দেশ্য একটাই, ক্ষমতায় টিকে থাকতে হবে। কেউ যাতে বহুদলীয় রাজনীতি না করতে পারে সেজন্য হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে অন্তরীণ করা হয়েছে। সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা জনগণের সামনে দাঁড়াতে ভয় পায়।
গতকাল শনিবার দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে ঠাকুরগাঁও জেলা বিএনপির যৌথ কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে অতি তাড়াতাড়ি নির্বাচন দিন। না হলে জনগণ নিজের হাতেই ক্ষমতা তুলে নেবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এই বাজেটের কোনো ভিত্তি নেই। বর্তমান সরকার অবৈধ ও অনৈতিক। গত নির্বাচন ছিল অবৈধ।
যৌথ কর্মীসভায় আরো বক্তব্য রাখেন- জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহেদ কামাল চৌধুরী ডালিম, সাধারণ সম্পাদক তৈমুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ প্রমুখ।