বাংলাদেশি কমিউনিটিকে অনেক উঁচুতে দেখতে চাই
শহীদুল ইসলাম, যুক্তরাষ্ট্র
প্রকাশ : ১৪ জুন ২০১৪, ২২:৪১
ড. নীনা আহমেদ। একজন বাংলাদেশি আমেরিকান। এর চেয়েও বড় পরিচয় তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার দক্ষিণ এশীয় প্রশান্ত মহাসাগরীয় কমিটির উপদেষ্টা। ওবামা প্রশাসনের একজন প্রভাবশালী সদস্য হয়েও তিনি মনেপ্রাণে এখনো খাঁটি বাংলাদেশি। সুনির্দিষ্ট দায়িত্বের বাধ্যবাধকতায় বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে মাথা না ঘামালেও যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটিকে অনেক উঁচুতে দেখতে চান তিনি। আর এ লক্ষ্যে সুযোগ পেলেই তিনি ভূমিকা রাখবেন বলে জানান। শুক্রবার নিউইয়র্কে ২৩তম আন্তর্জাতিক বাংলা উত্সব ও বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আশ্বাস দেন ওবামার এই উপদেষ্টা।
অনুষ্ঠান শুরুর আগে তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় নিউইয়র্কের বাংলা গণমাধ্যমের কয়েকজন সাংবাদিকের সঙ্গেও কথা বলেন তিনি।
প্রবাসে নতুন প্রজন্মকে মাতৃভাষা চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান ড. নীনা আহমেদ। একজন বাংলাদেশি আমেরিকান হিসাবে ওবামা প্রশাসনে থেকে বাংলাদেশের জন্য কী করণীয় জানতে চাইলে নীনা আহমেদ বলেন, আমার কাজ হচ্ছে এশিয়ান আমেরিকান কমিউনিটির প্রতিনিধিত্ব করা। তবে নিজের মানুষের প্রতি বিশেষ টান আছে বলে স্বীকার করেন ওবামার এই উপদেষ্টা।
উল্লেখ্য, প্রথম বাংলাদেশি হিসাবে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার দক্ষিণ এশীয় প্রশান্ত মহাসাগরীয় কমিটির উপদেষ্টা হিসাবে নিয়োগ পান বাংলাদেশি বংশোদ্ভূত ড. এন নীনা আহমেদ। ফিলাডেলফিয়ায় বসবাসরত নীনা আহমেদ ১৯৮০ সালে যুক্তরাষ্ট্রে এসেছিলেন, ১৯৯০ সালে ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়া থেকে তিনি প্রাণ রসায়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বিভিন্ন প্রতিষ্ঠানে গবেষণা কাজে যুক্ত থাকার পাশাপাশি তিনি ফিলাডেলফিয়ায় বসবাসরত এশিয়ান আমেরিকানদের উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন। কাজের স্বীকৃতি স্বরূপ ২০০৯ সালে নীনা আহমেদকে এশিয়ান আমেরিকান বিষয়ক ২৫ সদস্যের কমিশনের চেয়ারম্যান নিয়োগ করেন ফিলাডেলফিয়ার মেয়র মাইকেল নাটার। নীনা আহমেদ স্বামী নসরাত উল্যাহ এবং দুই কন্যাসহ ফিলাডেলফিয়ায় বসবাস করছেন।