সালাহউদ্দিন কাদের চৌধুরীকে আদালতে হাজির করা হবে আজ

ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সীতাকুণ্ড থানায় দায়ের হওয়া দু’টি মামলায় চার্জ গঠনের শুনানির জন্য বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীকে আজ রবিবার চট্টগ্রামের একটি আদালতে হাজির করা হবে। ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ লা মংয়ের আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে। মামলা দু’টির চার্জশিটে সালাহউদ্দিন কাদের চৌধুরী ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরীরসহ ১১ জনকে অভিযুক্ত করা হয়েছে। মামলায় হাজিরা দিতে গত বৃহস্পতিবার সালাহউদ্দিন কাদের চৌধুরীকে কড়া পুলিশ প্রহরায় কাশিমপুর কারাগার থেকে চট্টগ্রাম কারাগারে আনা হয়। তাকে কারাগারের কনডেম সেলে রাখা হয়েছে। সালাহউদ্দিন কাদের চৌধুরীর মামলাকে কেন্দ করে সম্ভাব্য যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম কারাগার ও আদালত ভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সালাহউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী অ্যাডভোকেট এনামুল হক গতকাল ইত্তেফাককে বলেন, খালেদা জিয়াকে পল্টন ময়দানে সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে ২০১০ সালের ৭ নভেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ও সলিমপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে। এ ঘটনায় এসআই গোলাম ফারুক ভুঁইয়া বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে সীতাকুণ্ড থানায় পৃথক দু’টি মামলা দায়ের করেন। মামলার এজাহারে সালাহউদ্দিন কাদের চৌধুরী ও আসলাম চৌধুরীর নাম ছিল না। পরবর্তীতে ভাংচুরের নির্দেশদাতা হিসেবে এ দু’জনের নাম অন্তর্ভুক্ত করে ২০১১ সালের ১২ সেপ্টেম্বর আদালতে এ দু’টি মামলার চার্জশিট দাখিল করে পুলিশ। উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছর মৃত্যুদণ্ড প্রদান করে ট্রাইব্যুনাল।