বিশাল জয়ের পর নিজ আসন বারানসির ভোটারদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আপনারা ছিলেন বলেই জয় নিয়ে আমার আত্মবিশ্বাস ছিল। এই নির্বাচন প্রমাণ করেছে ভোটে অঙ্কের চেয়ে রসায়ন বেশি কাজ করে। এই ভোটে প্রত্যেক বাড়িতে একজন করে মোদি কাজ করেছে। অঙ্ক হেরেছে, আর রসায়নেরই জয় হয়েছে।
নির্বাচনের পর গতকাল সোমবার প্রথমবারের মতো উত্তরপ্রদেশের বারানসিতে যান মোদি। সেখানে তিনি বলেন, বিজেপি সব সময় রাজনৈতিক অস্পৃশ্যতা ও সহিংসতার মতো দুটি প্রতিবন্ধকতার মোকাবিলা করে এসেছে। কিন্তু আজ প্রকৃতপক্ষে ভারতে যদি কোনো গণতান্ত্রিক দল থাকে তাহলে সেটা বিজেপি।
মোদি বলেন, আমরা ক্ষমতায় থাকলেও গণতন্ত্রের চর্চা করেছি। কিন্তু নির্বাচনে জয় পেতে আমাদের অনেক মূল্য দিতে হয়েছে। কয়েকটি রাজ্যে আমাদের শতাধিক কর্মী নিহত হয়েছেন শুধু রাজনৈতিক মত পার্থক্যের কারণে। রাজনৈতিক অস্পৃশ্যতা এখন শেকড় গেড়েছে। কয়েকটি স্থানে শুধু বিজেপির নামই যথেষ্ট অস্পৃশ্যতার পরিবেশ সৃষ্টির জন্য। তিনি বলেন, কাশ্মির, কেরালা ও পশ্চিমবঙ্গে কেন আমাদের কর্মীরা নিহত বা হামলার শিকার হলো। এটা লজ্জাজনক ও অগণতান্ত্রিক। কিন্তু আজ বিজেপি জাতির রাজনৈতিক ক্যানভাস। যদি কোনো দল থাকে এবং গণতন্ত্রের চর্চা করে তাহলে তা বিজেপি।
বারানসিতে পৌঁছানোর পর মোদি বলেন, আমাদের দল কখনো ভোট ব্যাংকের রাজনীতি করেনি। শাসক বা বিরোধী কোনো অবস্থাতাতেই আমরা ভোট ব্যাংকের রাজনীতি করি না। বারানসিতে তাঁর সঙ্গে ছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। সেখানে পৌঁছানোর পর কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়ে প্রার্থনা করেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, বারানসি আসনে নরেন্দ্র মোদি এবার ৭৯ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। গতবারের চেয়ে এই ব্যবধানটা প্রায় এক লাখের মতো বেশি। আগামী ৩০ মে প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নেবেন নরেন্দ্র মোদি। খবর:এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার।