ভ্রান্ত নীতির কারণে খালেদা রাজনীতি থেকে ছিটকে পড়েছেন
প্রকাশ : ১৪ জুন ২০১৪, ২২:৫০
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন, নিজের ভ্রান্ত নীতির কারণে বিএনপি নেত্রী খালেদা জিয়া সংসদ ও রাজনীতি থেকে ছিটকে পড়েছেন। এখন নতুন নির্বাচনের দাবি করে সংলাপের কথা বলছেন। কিন্তু নির্বাচনের জন্য আরো সাড়ে চার বছর রাস্তায় ঘুরে বেড়ানো ছাড়া তার সামনে আর কোন বিকল্প নেই।
গতকাল শনিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ বাজার স্টেশন সংলগ্ন মুক্তির সোপানে জেলা ১৪ দল আয়োজিত বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুর রউফ পাতার স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, ২০১৯ সাল পর্যন্ত চুপচাপ থেকে আমাদের সহযোগিতা করুন। কারণ শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ২০১৯ পর্যন্ত ক্ষমতায় থাকবেই। তিনি বলেন, কিবরিয়াকে হত্যা করা হল, ২১ আগস্ট গ্রেনেড মেরে অনেক মানুষকে হত্যা করা হল ও দশ ট্রাক অস্ত্র উদ্ধার করা হল কিন্তু কোন ঘটনার বিচার তিনি করেন। উল্টো খুনিদের জামাই আদর ও খাতির যত্ন করেছেন। কিন্তু আওয়ামী লীগ নিজদলের নেতা-কর্মীদেরও ছাড় দেয়নি।
মোহাম্মদ নাসিম বলেন, আমাদেরও কিছু ভুলত্রুটি রয়েছে। নারায়ণগঞ্জ ও ফেনীর ঘটনায় আমরাও উদ্বিগ্ন। তবে এ সকল ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হচ্ছে না। আওয়ামী লীগ বা ছাত্রলীগ বলে কেউ পার পাচ্ছে না। এমনকি র্যাবকেও ছাড় দেয়া হয়নি। শেখ হাসিনা আইনের শাসন বিশ্বাস করেন বলেই এসব সম্ভব হয়েছে।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব ইসহাক হোসেন তালুকদার, অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সেলিনা বেগম স্বপ্না এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট কে এম হোসেন আলী হাসান প্রমুখ।