ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের (সাময়িক বরখাস্ত) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির বক্তব্যের ভিডিও ধারণ ও তা ছড়ানোর অভিযোগের প্রমাণ পাওয়ায় ওসির বিরুদ্ধে এই পরোয়ানা জারির নির্দেশ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ আসসামছ জগলুল হোসেন। এই পরোয়ানা তামিল করে ১৭ জুন প্রতিবেদন দিতে বলা হয়েছে। এদিকে গ্রেফতারি পরোয়ানা জারির পর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ওসি মোয়াজ্জেমকে। তার বর্তমান কর্মস্থল রংপুরে তিনি নেই। ঢাকায় থাকার খবরও কেউ বলতে পারছেন না। রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য ইত্তেফাককে বলেছেন, পরোয়ানা হাতে পেলেই তাকে গ্রেফতার করা হবে। সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদদ্দৌলার হাতে গত ২৭ মার্চ যৌন হয়রানির শিকার হন নুসরাত। ঘটনার দিন ওই অধ্যক্ষ, নুসরাত ও তার পরিবারের সদস্যদের থানায় ডেকে নেন ওসি। পরে নিজ মোবাইলে নুসরাতের বক্তব্যের ভিডিও ধারণ করেন অন্যের মোবাইলে পাঠান। যা পরবর্তীকালে ভাইরাল হয়। অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়ার পর ওই ভিডিও ধারণের ঘটনায় সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন। বিষয়টি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। ওই নির্দেশের পর ঘটনা তদন্ত করে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৬, ২৯ ও ৩১ ধারায় ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের সিনিয়র সহকারী পুলিশ সুপার রীমা সুলতানা।
এদিকে আমাদের স্টাফ রিপোর্টার রংপুর জানান, আদালত থেকে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সোনাগাজী থেকে গত ১০ এপ্রিল তাকে প্রত্যাহারের পর রংপুর রেঞ্জে বদলি করা হয়। গত ৮ মে তাকে সাময়িকভাবে বরখাস্ত করার পর গত সপ্তাহে তিনি রংপুর রেঞ্জ অফিসে যোগ দেন। দুই দিন আগেও তাকে রংপুরে দেখা গেছে। কিন্তু এখন তিনি কোথায় সেই তথ্য নেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে।
রংপুর রেঞ্জের ডিআইজি অফিসের স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম জানান, ‘রংপুর রেঞ্জে সংযুক্তির আদেশ দেওয়ার পর কয়েকদিন আগে মোয়াজ্জেম হোসেন যোগদান করেছেন। এরপর তাকে ঢাকায় পুলিশ সদর দফতরে তলব করায় তিনি ঢাকায় গেছেন বলে শুনেছি। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ হওয়ার বিষয়টি শুনেছি। তবে এ সংক্রান্ত কাগজপত্র আমরা হাতে পাইনি।’
ওসি মোয়াজ্জেম হোসেন কোথায় জানতে চাইলে রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য বলেন, ‘আট-দশ দিন আগে ওসি মোয়াজ্জেম রংপুর রেঞ্জে যোগ দিয়েছেন। নুসরাতের ঘটনায় ঢাকায় গিয়েছেন শুনেছি।’ গ্রেফতারি পরোয়ানার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা জানি না। তবে আদালতের পরোয়ানা হাতে পেলে তাকে গ্রেফতার করা হবে। ওসি মোয়াজ্জেম এখন কোথায় জানতে চাইলে পুলিশ সদর দফতরের জনসংযোগ শাখার এআইজি সোহেল রানা বলেন, তিনি রংপুর রেঞ্জে যোগ দিয়েছেন। সেখানেই তার থাকার কথা।