নেত্রকোনায় হত্যার দায়ে স্বামী স্ত্রী ও পুত্রের যাবজ্জীবন

জেলার কেন্দুয়া উপজেলার কাওয়ালীকান্দা চরপাড়া গ্রামের সোনা মিয়া হত্যার দায়ে স্বামী স্ত্রী ও পুত্রকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৩০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে প্রত্যেককে আরো ৩ বছর করে সশ্রম কারাদণ্ড এবং মামলার অপর ২ আসামিকে ১ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে নেত্রকোনা জেলা জজ আদালত। অতিরিক্ত দায়রা জজ মোঃ আব্দুল হামিদ গতকাল রবিবার জনাকীর্ণ আদালতে আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, কাওয়ালীকান্দা চরপাড়া গ্রামের মৃত দস্তর আলীর পুত্র আবুল হাশেম, তার স্ত্রী আনোয়ারা বেগম ও পুত্র শফিকুল ইসলাম। ১ বছরের সাজাপ্রাপ্ত আসামিরা হলেন একই গ্রামের মৃত জৈন উদ্দিনের পুত্র ইসরাফিল ও রঞ্জু মিয়ার স্ত্রী বেদেনা আক্তার।