চরাঞ্চলে ৮০ ভাগ নারী মৃত্যু ঝুঁকি নিয়ে মা হচ্ছেন
প্রকাশ : ১৫ জুন ২০১৪, ২১:৩২
উপজেলার অবহেলিত পদ্মার চরাঞ্চলের এখনও প্রায় ৮০ ভাগ নারী মৃত্যু ঝুঁকি নিয়ে মা হচ্ছেন। আবার কখনো বা অপুষ্টি ও প্রসবকালীন জটিলতার কারণে শুধু মাই নয়, শিশুরাও মৃত্যু ঝুঁকিতে পড়ছে।
এর প্রধান কারণ হিসাবে লক্ষ্য করা গেছে, দারিদ্র্যতার কষাঘাতে পৃষ্ঠ হয়ে মেয়েদের বাল্য বিয়ে দেয়া ও চরাঞ্চলে অদ্যাবধি প্রসূতি প্রাতিষ্ঠানিক স্বাস্থ্যসেবাসহ কোন স্বাস্থ্যকেন্দ্র গড়ে না উঠা। এর ফলে ওই অঞ্চলের প্রায় অধিকাংশ নারীরায় অদক্ষ ধাত্রীর হাতে বাচ্চা প্রসব করাচ্ছেন। সমপ্রতি এই তথ্য উপস্থাপন করেছেন, একটি বে-সরকারি সংস্থা (এনজি)স্ব-উন্নয়ন। যার সত্যতা স্বীকার করেছেন চরাঞ্চলের চেয়ারম্যান নজরুল ইসলাম ও বাঘা স্বাস্থ্য কেন্দ্রের প্রধান ডাঃ নুরুল ইসলাম।
স্ব-উন্নয়ন কর্মকর্তা আবুবক্কর সিদ্দিক জানান, চরের অধিকাংশ গর্ভবতী নারী অপুষ্টিজনিত নানা সমস্যায় ভোগেন। ফলে অপুষ্টির শিকার মায়েদের সন্তানরাও নানা অপুষ্টিজনিত রোগব্যাধী নিয়ে জন্মায়। যার খেসারত দিতে হয় আমাদের সমাজকে। তার দেয়া তথ্য মতে, স্বাস্থ্যসেবায় অবহেলা বা চিকিত্সার অভাব নিয়ে মাতৃমৃত্যু হার বৃদ্ধির অন্যতম কারণ হচ্ছে বাল্য বিয়ে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের প্রধান (টিএইচএ) ডাঃ নুরুল ইসলাম জানান, একজন গর্ভবতী নারীর জন্য ভিটামিনযুক্ত খাবার অত্যন্ত আবশ্যক। অথচ চরাঞ্চলে অধিকাংশ মানুষ দরিদ্র হওয়ায় গড়ে ৪-৫ শতাংশ পরিবার মানসম্মত খাবারের ব্যবস্থা করতে পারে। বাকি ৯৫-৯৬ শতাংশ পরিবারের মা ও শিশুরা মারাত্মক অপুষ্টিহীনতার শিকার হয়। যে কারণে চরাঞ্চলের ৭৫-৮০ ভাগ নারী মৃত্যুর ঝুঁকি নিয়ে মা হচ্ছেন।