আটোয়ারীতে বিদ্যালয়ের জমি নিয়ে সংঘর্ষ শিক্ষকসহ আহত ১৩
আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা
প্রকাশ : ১৫ জুন ২০১৪, ২১:৩২
পঞ্চগড়ের আটোয়ারীতে বিদ্যালয়ের ৬শতক জমি দখল নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে প্রধান শিক্ষক ও শিক্ষার্থীসহ ১৩ জন আহত হয়েছে। ঘটনাটি উপজেলার গুঞ্জরমারী হাট আদর্শ উচ্চ বিদ্যালয়ে ঘটেছে। ১৯৯৪ সালে বর্ষালুপাড়া গ্রামের জনৈক অলিফতদ্দিন (৬৫) ওই বিদ্যালয়ে ৬ শতক জমি দান করেন। দীর্ঘ প্রায় ১৯ বছর পর দানকৃত জমি ফেরত পেতে দাতা আদালতে মামলা দায়ের করেন। এদিকে ওই মামলা বিচারাধীন থাকা অবস্থায় দাতার ছেলে মোঃ সিরাজুল ইসলামের (৪৪) নেতৃত্বে একদল লাঠিয়াল বাহিনী গতকাল রবিবার সকালে বিরোধীয় জমিতে হাজির হয়ে জোরপূর্বক দখল নেয়ার চেষ্টা চালায়। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওয়াজেদ আলী কয়েকজন শিক্ষকসহ জমিতে হাজির হয়ে দখল নিতে বাধা দিলে উভয়ের মাঝে সংঘর্ষ বাধে। এসময় আটোয়ারী থানার ও.সি (তদন্ত) মোঃ মোজাফ্ফর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে সংঘর্ষে প্রধান শিক্ষক মোঃ ওয়াজেদ আলী (৪৪), সহকারী শিক্ষক মোঃ হামিদুল ইসলাম (৫৫), অফিস সহকারী মোঃ আজিজুল ইসলাম (৫০), ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী কবিরুল, মনসুর, ফয়সাল, লুত্ফর, ৮ম শ্রেণীর বিপ্লব, মামুন, সুজন, লুত্ফর ও নবম শ্রেণীর মনোয়ার হোসেনসহ সিরাজুল গ্রুপের অলিফতদ্দিন আহত হয়ে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।